
দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। তিন সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুনে পুড়েছে ৩ লাখ ২২ হাজার বর্গ একর জমি। আগুনে পুড়ে প্রায় ধ্বংস হয়ে গেছে অঙ্গরাজ্যটির গ্রিনভিল শহর। নিরাপদে সরে যেতে বলা হয়েছে শহরটির ৮০০ বাসিন্দাকে। স্থানীয় সময় গত বুধবার রাতে শহরটিতে আগুন ছড়িয়ে পড়ে।
আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, দাবানলের ঘটনায় গ্রিনভিল শহরে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শহরটি থেকে নিরাপদে যাওয়ার নির্দেশনা এখনো অনেকেই পায়নি বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এবারের দাবানলকে অঙ্গরাজ্যটির ইতিহাসে অষ্টম বৃহত্তম বলে উল্লেখ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তোলা কয়েকটি ছবিতে দেখা যায়, আগুনে পুড়ছে গ্রিনভিল শহরের গাছগুলো। আগুনের তাপে ঝলসে গেছে বিভিন্ন কাঠামো। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শহরটির ছবি পোস্ট করেছেন একজন আলোকচিত্রী। সেখানে দেখা যায়, তাপে ধাতব একটি লাইটপোস্ট পর্যন্ত গলে গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দাবানলের মাত্র ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন অগ্নিনির্বাপণ দলের কর্মীরা। তবে তাঁদের চেষ্টা ব্যর্থ করে গত বুধবার রাতে গ্রিনভিল শহরে ছড়িয়ে পড়ে আগুন।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডাসহ ইউরোপের কয়েকটি দেশে দাবানল হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তি তাপমাত্রাই দাবানলের ভয়াবহতার জন্য মূলত দায়ী বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। শিল্পবিপ্লবের সময় থেকে এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।