নিউইয়র্কে নজরুলগীতি গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন নবীন শিল্পী শবনম আবেদী। গতকাল রোববার ক্লাব সনমে আয়োজিত এক সান্ধ্য অনুষ্ঠানে এই সংগীত পরিবেশন করেন তিনি।
নজরুলের নানা ধরনের গানের পাশাপাশি শিল্পী রাগভিত্তিক ও পুরোনো বাংলা গান পরিবেশন করেন। বিশিষ্ট সংগীতশিল্পী মুত্তালিব বিশ্বাস এই শিল্পীকে আশীর্বাদ করে বলেন, দেশের বাইরে থাকলেও সংগীতের প্রতি নিষ্ঠা ও অধ্যবসায় বলে যে ব্যুৎপত্তি অর্জন সম্ভব, শবনম তার প্রমাণ।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ে পশ্চিমা ধ্রুপদি সংগীতে অধ্যয়নরত এই শিল্পীর একটি নজরুলগীতির সিডি ঢাকা ও কলকাতা থেকে একযোগে প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানটি ‘শ্রোতার আসর’ ও সনম টিভির যৌথ উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়।