পানির ব্যবহার আগামী তিন বছরের মধ্যে ২০ শতাংশ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সেটি। রেকর্ড মাত্রার খরা থেকে বাঁচতে আবাসিক এলাকার বাসিন্দা ও শহরের দোকান মালিকদের সমন্বিত স্বেচ্ছা-উদ্যোগের মাধ্যমে তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। নগর কর্তৃপক্ষ গত মঙ্গলবার এ কথা জানিয়েছে। পানির ব্যবহার কমিয়ে আনতে মেয়র এক নির্বাহী আদেশে নগরের ৩৯ লাখ মানুষকে তাদের বাগানে সপ্তাহে দুদিন পানি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া নগর কর্তৃপক্ষের বাগানগুলোতেও পানির ব্যবহার কমিয়ে আনার কথা বলেছেন। ২০১৭ সালের মধ্যে এতে কাজ না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রয়টার্স