
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে দুর্বৃত্তের গুলিতে মোয়াজ্জেম হোসেন সাজু (২৮) নামের বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন।
৩ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে ফিলাডেলফিয়ার সাউথ ফিলিতে ফ্রন্ট অ্যান্ড অরগানের চার্লিয়েডার্স জেন্টেলমেন্ট ক্লাবের পার্কিং লটে এ ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেমের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামে। তাঁর বাবার নাম শামস উদ্দীন। নববিবাহিত মোয়াজ্জেম নর্থ ইষ্ট ফিলাডেলফিয়ায় থাকতেন।
৩ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে সাউথ ফিলিতে ফ্রন্ট অ্যান্ড অরগানের চার্লিয়েডার্স জেন্টেলমেন্ট ক্লাবের পার্কিং লটে দুই বাংলাদেশি শাহরিয়ার ও মোয়াজ্জেম হোসেন তাঁদের পার্ক করা গাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দুজন কৃষ্ণাঙ্গ তাঁদের গতিরোধ করে ওয়ালেট ও মোবাইল ফোন দিয়ে দিতে বলেন। এ সময় শাহরিয়ার তাঁর পকেটে থাকা সব দিয়ে দিলেও মোয়াজ্জেম দিতে চাননি। এ নিয়ে দুর্বৃত্তদের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর বুকে গুলি করে এবং দ্রুত পালিয়ে যায়। আহত মোয়াজ্জেমকে স্থানীয় জেফারসন ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মোয়াজ্জেম দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। তাঁর স্ত্রী বাংলাদেশে থাকলেও পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মা-বাবা সহ দীর্ঘদিন মিশিগানে বসবাসের পর সম্প্রতি তাঁরা পেনসিলভানিয়ায় চলে আসেন।
৫ আগস্ট নর্থ ইষ্ট ইসলামিক সেন্টারে জানাজা শেষে মোয়াজ্জেমকে স্থানীয় কবরস্থানে দাফন করার কথা পারিবারিক সূত্রে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কোনো দুর্বৃত্তকে আটক করতে পারেনি।