বন্দুকধারীর হামলার মুখে পড়েছিলেন এক তরুণী। তাঁর হাত-পা বেঁধে ফেলা হয়েছিল। তবে হাতের বাঁধন নিজে খুলতে পারলেও পায়ের বাঁধন খুলতে পারেননি তিনি। এ অবস্থায় আটতলা থেকে লাফ দেন। গুরুতর আহত হয়ে ভর্তি আছেন হাসপাতালে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানায়, ওয়াশিংটন শহরের উত্তর-পশ্চিম প্রান্তের ব্লক অব কানেক্টিকাট অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। তদন্তে জানা গেছে, আটতলার এক বাসিন্দার সঙ্গে ওই তরুণী ও সন্দেহভাজন হামলাকারী দ্বন্দ্বে জড়ান। তরুণী আটতলা থেকে লাফ দেওয়ার পরই সন্দেহভাজন পালান।
ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার সময় ভুক্তভোগীর হাত ও পা বাঁধা ছিল। কিন্তু তিনি নিজ চেষ্টায় ওই বাঁধনমুক্ত হন। এরপর প্রাণভয়ে তিনি আটতলা থেকে লাফ দেন। এ ছাড়া তরুণী যখন বহুতল ওই ভবন থেকে লাফ দিচ্ছিলেন, তখনো তাঁর দুই পা বাঁধা ছিল।
সন্দেহভাজন হামলাকারীর নাম কাইলি জামাল পালমার বলে জানা গেছে। বয়স ২২ বছর। বৃহস্পতিবারের ওই ঘটনার পর তিনি আবারও যখন ঘটনাস্থলে হাজির হন, তখন তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, অবৈধ অস্ত্র ও অবৈধভাবে রাইফেলের মতো বড় একটি বন্দুক ব্যবহারের অভিযোগ এনেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী একজন নারী। তাঁর নাম-পরিচয় জানানো হয়নি। তরুণীর বয়স ২০ বছর বা তার আশপাশে।