বিচিত্র তথ্যের ৮ লাখ ফাইল অনলাইনে দিল সিআইএ

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ইতিমধ্যে অগোপনীয় ফাইলের একটি বিশাল ভান্ডার অনলাইনে প্রকাশ করা হয়েছে। বিচিত্র ধরনের তথ্য-সংবলিত ফাইলগুলোর পৃষ্ঠাসংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। মোট ফাইলের সংখ্যা প্রায় ৮ লাখ।

অনলাইনে প্রকাশ করা ফাইলের মধ্যে রয়েছে অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) দেখার কথিত ঘটনা থেকে শুরু করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার-সংক্রান্ত দলিলপত্র এবং অনেক বিজ্ঞান গবেষণা ও গোয়েন্দা তথ্য। তথ্য অধিকার আন্দোলনের কর্মীদের অনেক দিনের চেষ্টা-তদবির এবং সিআইএর বিরুদ্ধে মামলার জেরে তথ্যগুলো অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। এই সংগ্রহের বিচিত্র বিষয়গুলোর মধ্যে রয়েছে বিশেষ মানসিক ক্ষমতার পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ‘স্টারগেট প্রজেক্ট’-এর তথ্য এবং অদৃশ্য কালি তৈরির কৌশলও।