
নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অধ্যুষিত ব্রঙ্কসের ক্যাসেল হিল এলাকায় স্পাইস আপ সুপার মার্কেট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ৬ নভেম্বর শুক্রবার বিকেলে ব্রঙ্কসের ১০০২ ক্যাসেল হিল অ্যাভিনিউতে বাংলাদেশি মার্কিন ব্যবসায়ী আতিকুর রহমান, রাসেল আহমেদ ও এইচ এম নুরুজ্জামানের মালিকানাধীন স্পাইস আপ সুপার মার্কেটের বর্ণাঢ্য উদ্বোধন হয়।
প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। পার্কচেস্টার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ মাহফিল পরিচালনা করেন। ব্যবসায় সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল লতিফ।
এ সময় স্বাগত বক্তৃতা করেন স্পাইস আপ সুপার মার্কেটের অন্যতম মালিক আতিকুর রহমান। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আলমাস আলী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, সুন্দর বন গ্রোসারির সিইও স্বপন তালুকদার, কমিউনিটি অ্যাকটিভিস্ট কমরেড আকসাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী আবদুল জে খান, জোবেদা হোসেনসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী আতিকুর রহমান বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভ মূল্যে প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী সরবরাহ করা হবে।
আতিক আরও বলেন, স্পাইস আপ সুপার মার্কেটের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সব পণ্যে বিশেষ ছাড় চলছে। তাদের স্টোরে রয়েছে বাংলাদেশি, ভারতীয়, আমেরিকান, চায়নিজসহ সব কমিউনিটির নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী।