
মস্ত একটি মাছ। জেলের জালে উঠে এসেছে ডাঙায়। তবে মাছটির দিকে তাকালে চোখ কপালে উঠবে যে কারও। সাধারণ মাছের মুখের সঙ্গে মোটেও মিল নেই এর। মুখাবয়ব ভেড়ার মুখের মতো। আর মুখের ভেতরের দাঁতগুলো অবিকল মানুষের দাঁতের মতো।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের উপকূলে অদ্ভুতদর্শন এই মাছ ধরেছেন জেলে নাথান মার্টিন। পরে তিনি মাছটির ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেই ছবি ও পোস্ট ছড়িয়ে পড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট গত বুধবার এই মাছ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভেড়ার মতো মাথাওয়ালা এই মাছের ওজন চার কেজির কিছু বেশি। কালচে-ধূসর রঙের মাছটির মুখে অবিকল মানুষের দাঁতের মতো ওপরে-নিচে সুবিন্যস্ত দুই পাটি বড় বড় দাঁত রয়েছে। মুখের ভেতরের রং লালচে গোলাপি।
নাথান মার্টিনের পোস্ট শেয়ার করে মাছটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করেছেন অনেকেই। একজন ব্যবহারকারী মজা করে প্রশ্ন করেছেন, ‘এখান থেকেই কি মানুষের দাঁতের উদ্ভব?’ অন্য একজন ব্যবহারকারীর সরস মন্তব্য, ‘এটা খুবই বেদনাদায়ক, যখন একজন একটি মাছ ধরেন এবং দেখতে পান সেটির দাঁতের সংখ্যা তাঁর চেয়েও বেশি!’
এদিকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্টিফিক আমেরিকার নিবন্ধে বলা হয়েছে, নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডার উপকূলে মাঝেমধ্যেই অবিকল মানুষের দাঁতের মতো দাঁতওয়ালা এই ধরনের মাছের দেখা পাওয়া যায়। এর আগে গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার অরল্যান্ডোতে এমন একটি মাছ জেলেদের জালে ধরা পড়েছিল। তখন জেব্রার মতো গায়ে ডোরাকাটা ও মানুষের দাঁতের মতো দাঁতওয়ালা মাছটি নিয়ে বেশ শোরগোল পড়েছিল। তারও আগে এমন মাছের দেখা পাওয়া গিয়েছিল মালয়েশিয়ার উপকূলে।