মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা চূড়ান্ত নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহের কর্মসূচি গ্রহণ করেছে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। ‘আমরা কতিপয় বাঙালি’ ব্যানারে ২৪ সেপ্টেম্বর থেকে বিশেষত রোহিঙ্গা শিশুদের জন্য এ অর্থ সংগ্রহ অভিযান পরিচালনা করছে।
২৪ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে খাবারবাড়ি রেস্তোরাঁর সামনে ‘আমরা কতপিয় বাঙ্গালী’ ব্যানারে পথচারীদের কাছ থেকে অর্থ-সাহায্য সংগ্রহ করা হয়। এ উদ্যোগে সাধারণ মানুষের পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টিজনেরাও সাড়া দিয়েছেন।
এ বিষয়ে ‘আমরা কতিপয় বাঙ্গালি’র সভাপতি সাপ্তাহিক আজকাল পত্রিকার বিজ্ঞাপন প্রধান আবু বকর সিদ্দিক বলেন, মিয়ানমারে সহিংসতায় প্রায় ১৮ হাজার শিশু তাদের মা-বাবাকে হারিয়েছে, যারা এখন বাংলাদেশে অবস্থান করছে। এসব সবহারা শিশুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।
অর্থ সংগ্রহ কার্যক্রমে ‘আমরা কতপিয় বাঙ্গালি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, রুবাইয়াত তাবাসসুম আলম, নাসিমা আক্তার, সিয়াম আলম সরকার, রুবেল হোসেন প্রমুখ অংশ নেন।