মিশিগানে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কালামাজু শহরে গতকাল শনিবার বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, একটি রেস্তোরাঁয় নিহত হয় চারজন। আর বাকি দুজন নিহত হয় গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানে।

পুলিশ বলছে, গতকাল সন্ধ্যায় তিনটি স্থানে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় তারা ৫০ বছর বয়সী সন্দেহভাজন এক শ্বেতাঙ্গ ব্যক্তির খোঁজ করছে।

বন্দুকধারী সংশ্লিষ্ট এলাকায় গাড়ি চালাতে চালাতে লোকজনকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে।