স্নোডেনের দাবি মিথ্যা?

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন প্রতিষ্ঠানটির ব্যাপক নজরদারির বিষয়ে অভ্যন্তরীণভাবে কখনোই উদ্বেগ জানাননি। আদালতে এনএসএর দাখিল করা দলিলপত্রে এ তথ্য রয়েছে। এনএসএর নীতি ও দলিলপত্রবিষয়ক সহযোগী পরিচালক ডেভিড শেরম্যান বলেন, স্নোডেন নজরদারির খবর ফাঁস করার পর তাঁরা এ বিষয়ে ব্যাপক তদন্ত করেছেন। স্নোডেনের পাঠানো, তাঁর কাছে আসা ও মুছে ফেলা ই-মেইল ঘেঁটে দেখেছেন। কিন্তু তাতে তিনি কর্মকর্তাদের কাছে নজরদারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এমন কিছু মেলেনি। তবে এনবিসি নিউজকে মে মাসে দেওয়া সাক্ষাৎকারে সে রকমই দাবি করেছেন স্নোডেন। এএফপি