
বিখ্যাত মার্কিন মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লি ডেভিডসনের ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে আসছে এ বছরই। এ জন্য প্রি-অর্ডার চালু করেছে ১৯০৩ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি। জানুয়ারি থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। এর দাম ২৯ হাজার ৭৯৯ ডলার।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হচ্ছে কনজ্যুমার ইলেকট্রনিক শো। সেখানে সোমবার ইলেকট্রিক মোটরসাইকেলের প্রি-অর্ডারের কথা জানানো হয়। এ বছরের আগস্টে বিক্রি শুরু হবে হার্লি ডেভিডসনের ইলেকট্রিক মোটরসাইকেল লাইভ ওয়্যার মডেলের। এই সাইকেলে আছে ম্যাগনেটিক ইলেকট্রিক মোটর। এ ছাড়া থাকবে লিথিয়াম আয়ন ব্যাটারি।
২৯ হাজার ৭৯৯ ডলার মূল্যর এ মোটরসাইকেলে তৈরির কাজ শুরু হয় ২০১৪ সালে। এই বছরে ‘লাইভ ওয়্যার’ নামে প্রকল্প নিয়ে কাজ শুরু করে হার্লি ডেভিডসন। সেই প্রকল্পের আওতায় কিছু প্রোটোটাইপ সংস্করণ তৈরি করে ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে নামাচ্ছে হার্লি ডেভিডসন। ৮৫ টাকা প্রতি ডলার ধরলে হার্লি ডেভিডসনের একটি ইলেকট্রিক মোটরসাইকেল ২৫ লাখ ৩২ হাজার ৯১৫ টাকা। টেসলার বৈদ্যুতিক গাড়ির কারণে হার্লি ডেভিডসনের এ মোটরসাইকেলকে বলা হচ্ছে ‘টেসলা অব মোটরসাইকেল’।
ইলেকট্রিক চালিত হওয়ায় মোটার বাইকে কোনো গিয়ার থাকবে না। শুধু থ্রটল ঘোরালেই এটি চলতে শুরু করবে। থাকবে কালার টিএফটি ডিসপ্লে। এতে ব্লু-টুথ কানেকটিভিটি, নেভিগেশন, মিউজিকসহ একাধিক নোটিফিকেশন থাকবে। বিশেষ ফিচার হিসেবে ই-বাইকটিতে থাকছে লেভেল ওয়ান কুক চার্জ সাপোর্ট। এই প্রযুক্তি বাইকের চার্জিংয়ের সময় নিয়ন্ত্রণ করবে। গ্রাহক চাইলে লেভেল টু বা লেভেল থ্রি স্লো চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন এই বাইক। একবার চার্জ দিলে লম্বা দূরত্ব পাড়ি দিতে পারবে মোটর বাইকটি।
ঘণ্টায় সর্বোচ্চ ১১০ মাইল বেগে ছুটতে পারে হার্লি ডেভিডসনের ইলেকট্রিক মোটরসাইকেল। এসব মোটরসাইকেল পুরো চার্জ হতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। লাইভওয়্যারের প্রোটোটাইপ উন্মোচনের সময় নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে মোটরসাইকেলটির সময় লাগবে চার সেকেন্ডের কম (সাড়ে ৩ সেকেন্ড)। ‘সাশ্রয়ী’ মোডে একবার পূর্ণ চার্জে মোটরবাইকটি চলবে ৫৫ মাইল।
ইঞ্জিনের ভারী যান্ত্রিক শব্দের জন্য হার্লি ডেভিডসন মোটরসাইকেলের আলাদা সুনাম রয়েছে। তবে ইলেকট্রিক বাহনের ক্ষেত্রে সব সময়ই ইঞ্জিন কম শব্দ উৎপন্ন করে। এ ক্ষেত্রে ইলেকট্রিক মোটরসাইকেলে হার্লি ডেভিডসনের আওয়াজ থাকবে কি না, সেটা নিয়েও মোটরসাইকেলপ্রেমীদের কৌতূহল রয়েছে।
১৯০৩ সালে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে প্রতিষ্ঠা করা হয় মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লি ডেভিডসন। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লি ডেভিডসন। নিউইয়র্ক, পেনসিলভানিয়া, মিলওয়াকি (উইসকনসিন), কানাস সিটি, মিজৌরি, ব্রাজিল ও ভারতে হার্লি ডেভিডসনের কারখানা রয়েছে। তথ্যসূত্র: দ্য ভার্জ, হালি ডেভিডসন ওয়েবসাইট এ এনডিটিভি।