
যাঁরা বার্গার খেতে পছন্দ করেন, তাঁদের একটা প্রশ্ন রাখা যেতে পারে, বড় একটি বার্গারের ওজন কত হতে পারে?
এক কিংবা দুই কেজি নয়। একটি বার্গারের ওজন ২৮৫ কেজির বেশি। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। এত বড় বার্গার তৈরি করেছিলেন মেক্সিকোর শেফরা।
যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা ইউপিআইয়ের খবরে বলা হয়েছে, মেক্সিকোর মাজাতলানে ইন্টারন্যাশনাল হামবার্গার নামে একটি উৎসবের আয়োজন করা হয়েছিল। এই উৎসবে শেফদের একটি দল এই বার্গার তৈরি করেছিল। বার্গারটি তৈরি করতে সময় লেগেছিল ১০ মিনিট।
বার্গারটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়নি। এটি কেটে কেটে বিভিন্ন সংগঠনের কাছে দেওয়া হয়েছে, যারা কিনা ক্ষুধার্ত মানুষের মধ্যে খাবার বিলিয়ে দেয়।
এই বার্গার উৎসবের আয়োজকেরা জানিয়েছেন, দুই বছর ধরে শুরু হয়েছে তাঁদের ইন্টারন্যাশনাল হামবার্গার উৎসব। গত বছরে যে বার্গারটি তৈরি করা হয়েছিল, সেটির ওজন ছিল ১৫৬ কেজি। অর্থাৎ এবার যে বার্গারটি তৈরি করা হয়েছে, সেটি প্রায় এর দ্বিগুণ ওজনের।
আমেরিকা অঞ্চলের অন্যতম জনপ্রিয় খাবার বার্গার। এই খাবার নিয়ে এ অঞ্চলের দেশে দেশে উৎসবও হয়। মেক্সিকোর উৎসব প্রসঙ্গে ও এত বড় বার্গার তৈরির কারণ উল্লেখ করে আয়োজক দলের সদস্য লুসিয়ানো ইবরার বলেন, যাঁদের খাবার প্রয়োজন, তাঁদের মধ্যে বিতরণের লক্ষ্যে এই বার্গার তৈরি করা। এ ছাড়া মাজাতলান শহরের পরিচিতি বাড়াতে এটা করা হয়েছে।
শেফদের যে দলটি এই বার্গার তৈরি করেছেন, তাঁদের মধ্যে ছিলেন হুয়ান ম্যানুয়েল ভারগাস। তিনি বলেন, তাঁরা এই বার্গার তৈরি করে বেশ খুশি। কারণ, মেক্সিকোতে তৈরি সবচেয়ে বড় বার্গার ছিল এটি। ২০২৩ সালে বিশ্ব রেকর্ড করতে চান তাঁরা।
তবে বিশ্ব রেকর্ড করা বার্গার অবশ্য এর থেকে ঢের বড়। গিনেস বুকের তথ্য অনুসারে সবচেয়ে বড় বার্গারটি তৈরি করেছেন জার্মানির শেফরা। ২০১৭ সালে তাঁরা তৈরি করেছিলেন ১ হাজার ১৬৩ কেজি ওজনের একটি বার্গার।