
যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী ও সেকেন্ড লেডি উষা চুলুকুরি ভ্যান্স একজন আইনজীবী। সাধারণত খুব একটা নজরকাড়া পোশাক বা সাজসজ্জায় তাঁকে দেখা যায় না। সাদাসিধে ঢঙে চলা এই নারী অনেকটা আড়ালেই থেকে যান। তবে সোমবার মার্কিন প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে নজরকাড়া পোশাকে দেখা গেছে।
গতকাল সোমবার ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন দেশটির ৫০তম ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও।
সোমবার অভিষেক অনুষ্ঠানে উষা চুলুকুরিকে নামীদামি পোশাকের ব্র্যান্ড অস্কার দে লা রেন্টার পোশাক পরতে দেখা গেছে। এদিন তিনি একটি গোলাপি রঙের পোশাকে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।
সোমবার শপথ নেওয়ার পর অভিষেক-সংশ্লিষ্ট একাধিক অনুষ্ঠানে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। এসব অনুষ্ঠানে জেডি ভ্যান্স এবং উষা চুলুকুরিও ছিলেন। রাতে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘কমান্ডার-ইন-চিফ বল’ শীর্ষক অনুষ্ঠানে উষার পরনে ছিল চুমকি বসানো একটি নীল রঙের ঝলমলে পোশাক।
ভ্যান্স ও উষা ২০১৪ সালে বিয়ে করেন। এ দম্পতির তিন সন্তান। উষার মা-বাবা ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানডিয়াগোর শহরতলিতে জন্ম ও বেড়ে ওঠা উষা একসময় নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার ছিলেন।
উষার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, আইন বিষয়ে পড়ার আগে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ‘গেটস স্কলার’। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমফিল করেছেন। তাঁর থিসিসের বিষয় ছিল প্রাক্-আধুনিক ইতিহাস।
ভ্যান্সের সঙ্গে উষার প্রথম দেখা হয় ২০১৩ সালে ইয়েল ল স্কুলে। তাঁরা দুজনই খ্যাতনামা ওই ল স্কুলের শিক্ষার্থী ছিলেন।