সমর্থকদের সঙ্গে মন্টানার বিজয়ী ডেমোক্র্যাট স্যাম ফোরস্ট্যাগ
সমর্থকদের সঙ্গে মন্টানার বিজয়ী ডেমোক্র্যাট স্যাম ফোরস্ট্যাগ

মন্টানা থেকে তিন দশক পর ডেমোক্র্যাটের হয়ে প্রতিনিধি পরিষদে সাবেক দাবানলযোদ্ধা

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্য থেকে তিন দশক পর প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন একজন ডেমোক্র্যাট। সাবেক দাবানলযোদ্ধা ও শ্রমিকনেতা স্যাম ফোরস্ট্যাগ রিপাবলিকান প্রার্থী অ্যারন ফ্লিন্টকে হারিয়ে জয় পেয়েছেন। তাঁর এ জয়ে শুধু অঙ্গরাজ্যটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়নি, দাবানল মোকাবিলা ও সরকারি বনভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

৩২ বছর বয়সী ফোরস্ট্যাগ মন্টানার প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি সরকারি ভূমি ব্যবস্থাপনা সংস্থাগুলো পুনর্গঠন, দাবানল প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি এবং বনাঞ্চল রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের নেতা হিসেবে ফোরস্ট্যাগ লোলো, বিটাররুট ও গ্যালাটিন ন্যাশনাল ফরেস্টে যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের প্রায় ৮০০ কর্মীর প্রতিনিধিত্ব করেছেন। ফলে সরকারি বন ব্যবস্থাপনা ও দাবানল মোকাবিলার বিষয়ে তাঁর সরাসরি অভিজ্ঞতা রয়েছে।

নির্বাচনের আগে ‘দ্য ওয়াইল্ড আইডিয়া’ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফোরস্ট্যাগ বলেন, নিয়ন্ত্রিতভাবে বন পোড়ানোর অনুমোদনপ্রক্রিয়া সহজ করা প্রয়োজন। একই সঙ্গে দাবানল মোকাবিলায় নিয়োজিত কর্মীদের মূল বেতন বৃদ্ধি করতে হবে। তাঁর যুক্তি, কর্মীদের অতিরিক্ত কাজের ওপর নির্ভরতা কমাতে হলে তাঁদের বেতন বৃদ্ধি করতে হবে।

শ্রমিকদের অধিকার নিয়েও সরব ফোরস্ট্যাগ। শ্রমিকদের ইউনিয়ন গঠন ও সম্মিলিত দর-কষাকষির অধিকার শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রটেক্টিং দ্য রাইট টু অর্গানাইজ (প্রো) অ্যাক্টের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। ২০২৫ সালের মার্চে প্রতিনিধি পরিষদে বিলটি উত্থাপন করেন ডেমোক্র্যাট সদস্য ববি স্কট। তবে এখনো বিলটি কংগ্রেসের কোনো কক্ষে পাস হয়নি।

প্রথম মেয়াদে অগ্রাধিকার

নির্বাচনে জয়ের পর সমর্থকদের কাছে পাঠানো এক ই-মেইলে ফোরস্ট্যাগ তাঁর প্রথম মেয়াদের চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন। সেগুলো হলো সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং নির্বাচনী প্রচারে অর্থের প্রভাব কমানো। তবে নির্বাচনী প্রচারে গুরুত্ব পাওয়া দাবানল মোকাবিলা ও ফরেস্ট সার্ভিসের জনবল বৃদ্ধির বিষয়টি ওই চার অগ্রাধিকারের তালিকায় ছিল না। অবশ্য পৃথক এক বার্তায় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মন্টানার প্রাকৃতিক বনভূমি রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

নির্বাচনের পরপরই সরকারি বনভূমি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার সমালোচনা করেছেন ফোরস্ট্যাগ। ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন থেকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি জমি কমানোর প্রস্তাবের বিরোধিতা করেন।

ফোরস্ট্যাগ বলেন, ‘তারা আমাদের সরকারি বনভূমি বিক্রি করে দিতে চাইছে; কিন্তু আমরা তা হতে দেব না।’

ফোরস্ট্যাগ আরও বলেন, বিদায়ী কংগ্রেস সদস্য রিপাবলিকান রায়ান জিঙ্কের সঙ্গে যোগাযোগ করেছেন। সরকারি জমি বিক্রি বা হস্তান্তরের যেকোনো উদ্যোগের বিরোধিতা করতে তাঁকে অনুরোধ করেছেন। জিঙ্কের দপ্তরও আলাদাভাবে জানিয়েছে, সরকারি জমি বিক্রি ও হস্তান্তরের বিরোধী তিনি।

নির্বাচনী প্রচারে বক্তৃতা করছেন ডেমোক্র্যাট স্যাম ফোরস্ট্যাগ

পূর্ব মন্টানার রিপাবলিকান প্রতিনিধি ট্রয় ডাউনিংয়ের সঙ্গেও কাজ করতে আগ্রহী ফোরস্ট্যাগ। ১১ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সরকারি বনভূমি রক্ষার বিষয়ে দুজনের মধ্যে ঐকমত্য হতে পারে। তাঁর ভাষায়, ‘কংগ্রেসে আমরা একসঙ্গে কাজ করলে মন্টানার জন্য আরও অনেক কিছু করতে পারব।’

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রতিনিধি পরিষদের ন্যাচারাল রিসোর্সেস কমিটিতে জায়গা পাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ফোরস্ট্যাগ। এ কমিটিতে থাকলে যুক্তরাষ্ট্রের সরকারি ভূমি ব্যবস্থাপনা নীতিতে প্রভাব রাখার সুযোগ পাবেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনায় কেন্দ্রীয় সরকারের কিছু জমি অঙ্গরাজ্য, আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় সরকারের কাছে বিক্রির প্রস্তাব রয়েছে। তবে কোন জমি বিক্রি করা হবে, তা এখনো নির্দিষ্ট করা হয়নি।

নির্বাচনে কোথায় এগিয়ে ছিলেন

মন্টানা অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের প্রকাশিত অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, ফোরস্ট্যাগ পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩ ভোট, যা মোট ভোটের ৫০ দশমিক ৩৪ শতাংশ। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান অ্যারন ফ্লিন্ট পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৯৪ ভোট বা ৪৬ দশমিক ৭৯ শতাংশ। লিবার্টারিয়ান প্রার্থী নিক শিডি পেয়েছেন ৭ হাজার ৫২২ ভোট।

মন্টানা থেকে সর্বশেষ ডেমোক্র্যাট হিসেবে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছিলেন প্যাট উইলিয়ামস। তিনি ১৯৯৬ সালে অবসর নেন।

কাউন্টিভিত্তিক ফলাফলে দেখা যায়, পশ্চিম মন্টানার জনবহুল এলাকাগুলোয় ফোরস্ট্যাগ ভালো সমর্থন পেয়েছেন। মিসৌলা কাউন্টিতে তিনি পেয়েছেন ৪১ হাজার ২৩২ ভোট, যা মোট ভোটের ৬৮ দশমিক ২৪ শতাংশ। বোজম্যান শহর যে গ্যালাটিন কাউন্টির অন্তর্ভুক্ত, সেখানে তাঁর ভোটের হার ৫৯ দশমিক ৪২ শতাংশ। সিলভার বো কাউন্টিতে পেয়েছেন ৬১ দশমিক ৫৫ শতাংশ ভোট।

মিসৌলা ও গ্যালাটিন কাউন্টি থেকে পাওয়া ভোটের ব্যবধান ছিল ৩৫ হাজার ২২৬। জেলার কয়েকটি গ্রামীণ এলাকায় ফ্লিন্টের এগিয়ে থাকার ঘাটতি পুষিয়ে নিতে এ দুই কাউন্টির ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মন্টানা কনজারভেশন এল্ডার্স ও ওয়াইল্ড মন্টানার সদস্য বিল হ্যালিনান মনে করেন, ফোরস্ট্যাগের ব্যক্তিত্বও তাঁর জয়ে ভূমিকা রেখেছে। তবে তিনি জানিয়েছেন, তাঁর বক্তব্য ব্যক্তিগত, কোনো সংগঠনের পক্ষ থেকে নয়।

ইউনিভার্সিটি অব মন্টানার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অভিষেক চ্যাটার্জির মতে, ফোরস্ট্যাগের জয়ের পেছনে কয়েকটি বিষয় কাজ করেছে। এর মধ্যে রয়েছে দাবানলযোদ্ধা ও শ্রমিকনেতা হিসেবে তাঁর অভিজ্ঞতা, ট্রাম্প প্রশাসনের আমলে কেন্দ্রীয় সরকারি কর্মী ছাঁটাই এবং প্রশাসনের নীতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ।

অভিষেক প্রথম আলোকে বলেন, ‘বিশেষ করে গ্যাসের দাম নির্বাচনে ভূমিকা রেখেছে।’

পরিবেশবাদী মন্টানার বিজয়ী ডেমোক্র্যাট স্যাম ফোরস্ট্যাগকে নিয়ে নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশিত হয়

দাবানলযোদ্ধা থেকে কংগ্রেস সদস্য

রাজনীতিতে আসার আগে যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসে দাবানলযোদ্ধা হিসেবে কাজ করেছেন ফোরস্ট্যাগ। তিনি স্মোকজাম্পার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্মোকজাম্পাররা প্যারাস্যুটের সাহায্যে দুর্গম এলাকায় নেমে দাবানল মোকাবিলা করেন। পরে ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের মাধ্যমে সরকারি কর্মীদের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

ফোরস্ট্যাগের এই অভিজ্ঞতাই নির্বাচনী প্রচারের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের বিরোধিতা ও সরকারি কর্মীদের চাকরি সুরক্ষার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

পরিবেশবাদীদের মধ্যেও ফোরস্ট্যাগের জয় নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের আশা, দাবানল মোকাবিলা ও সরকারি ভূমি ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি কংগ্রেসে এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

ফোরস্ট্যাগের নির্বাচনী ইশতেহারে সরকারি ভূমি ব্যবস্থাপনা সংস্থাগুলোয় কর্মীসংখ্যা বাড়ানো, দাবানল প্রতিরোধে অর্থায়ন বৃদ্ধি এবং বনাঞ্চলের অতিরিক্ত গাছপালা ও ঝোপঝাড় সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। তাঁর লক্ষ্য, ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের আগের অবস্থায় শুধু ফিরে যাওয়া নয়; বরং সরকারি সংস্থাগুলোয় আরও বেশি কর্মী নিয়োগ করা।

এ ছাড়া দায়িত্বশীলভাবে কাঠ আহরণ এবং মন্টানার কাঠ প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো আধুনিকায়নে কেন্দ্রীয় সরকারের অনুদানের পক্ষে ফোরস্ট্যাগ। তবে পরিবেশগত সুরক্ষা এড়িয়ে বন ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিশেষ অনুমোদনপ্রক্রিয়ার বিরোধিতা করেছেন তিনি।

মন্টানার পরিবেশবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান ক্লাইমেট স্মার্ট মিসৌলার নির্বাহী পরিচালক অ্যামি সিলিমবার্গ বলেন, দাবানল মোকাবিলার অভিজ্ঞতা ও কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোর গুরুত্ব বোঝেন, এমন একজন প্রতিনিধি মন্টানার জন্য উপকারী হতে পারেন।

অ্যামি সিলিমবার্গ বলেন, কংগ্রেসের হাতে অর্থ বরাদ্দের ক্ষমতা রয়েছে। বিজ্ঞানভিত্তিক সংস্থাসহ কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোয় নিয়মিত পর্যাপ্ত কর্মী ও অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন।

সিলিমবার্গ আরও বলেন, তুষারপাত কমে যাওয়া, তাপমাত্রা বৃদ্ধি, দাবানলের মৌসুম দীর্ঘ হওয়া এবং খরার মতো জলবায়ুঝুঁকি মোকাবিলায় বিশ্বাসযোগ্য বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে। পুনর্গঠন করতে হবে সরকারি সংস্থা ও কর্মী বাহিনীকে।

বিল হ্যালিনানও আশা করেন, ফোরস্ট্যাগ ফরেস্ট সার্ভিসে কর্মীসংখ্যা বাড়ানো এবং দাবানল মোকাবিলা ও সচেতনতামূলক কার্যক্রমে কেন্দ্রীয় সরকারের অনুদান অব্যাহত রাখার পক্ষে কাজ করবেন।

হ্যালিনান বলেন, ফরেস্ট সার্ভিসে বেশি কর্মী থাকলে পরিকল্পনা, সহায়তা, সমন্বয় ও প্রশাসনিক কাজের জন্য আরও বেশি মানুষ পাওয়া যাবে।

হ্যালিনান বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন বনাঞ্চল ও বসতিপূর্ণ এলাকার সংযোগস্থলে বসবাসকারী মানুষের নিরাপত্তার ওপর। এ ধরনের এলাকায় বাড়িঘর বনভূমি ও উন্মুক্ত প্রাকৃতিক এলাকার কাছাকাছি থাকায় দাবানলের ঝুঁকি বেশি।

তবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা ফোরস্ট্যাগের জন্য সহজ হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। একজন নবনির্বাচিত কংগ্রেস সদস্য হিসেবে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হবে অন্য কংগ্রেস সদস্যদের সমর্থন আদায় করা এবং সরকারি নীতিতে পরিবর্তন আনা।