
২০১৮ সালে যখন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জনপ্রিয় পডকাস্ট উপস্থাপক জো রোগানকে বলেছিলেন, তিনি বিশেষ প্রযুক্তির মাধ্যমে ওড়ার সক্ষমতাসম্পন্ন গাড়ি তৈরি করতে চান। জো রোগান এ কথাকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ওই ঘটনার আট বছর পর ইলন মাস্ক ঠিকই তাঁর ওই কথাকে সত্য প্রমাণ করে ছেড়েছেন।
টেসলার নতুন উড়ন্ত গাড়ি প্রদর্শন করেছেন ইলন মাস্ক। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি কেন্দ্রে এই অবিশ্বাস্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে দেখা যায়, টেসলার নতুন মডেলের একটি রোডস্টার গাড়ি চলন্ত অবস্থায় ওপরের দিকে উঠে যায়। এরপর বাতাসে ডিগবাজি খেয়ে কিছুক্ষণ ভেসে থাকার পর আবার নিরাপদে নিচে নেমে আসে।
ওই প্রদর্শনীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘দেখা যাচ্ছে, ভবিষ্যতে সত্যিই উড়ন্ত গাড়ি থাকবে।’
২০১৮ সালে ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ পডকাস্টে হাজির হয়ে ইলন মাস্ক প্রথম বলেছিলেন, তিনি পরবর্তী প্রজন্মের রোডস্টার গাড়িতে স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি রকেট বা কোল্ড–গ্যাস থ্রাস্টার ব্যবহারের কথা ভাবছেন।
এই ভিডিওর মাধ্যমে মাস্ক নতুন করে সবার নজর কেড়েছেন এবং জো রোগানসহ যাঁরা একসময় তাঁর এই ভাবনাকে অবাস্তব বলে উপহাস করেছিলেন, তাঁদের ধারণাকে ভুল প্রমাণ করেছেন।
২০১৮ সালে ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ পডকাস্টে হাজির হয়ে ইলন মাস্ক প্রথম বলেছিলেন, তিনি পরবর্তী প্রজন্মের রোডস্টার গাড়িতে স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি রকেট বা কোল্ড–গ্যাস থ্রাস্টার ব্যবহারের কথা ভাবছেন।
মাস্ক বলেছিলেন, এই প্রযুক্তির সাহায্যে গাড়িটি বাতাসে ভেসে থাকতে বা উড়তে পারবে, যা একটি সাধারণ বৈদ্যুতিক সুপারকারকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। সেই সময়ে এই ভাবনাকে কল্পবিজ্ঞান বলেই মনে হয়েছিল। কিন্তু মাস্ক পরবর্তী বছরগুলোয়ও তাঁর এই ভাবনা থেকে সরে আসেননি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন টক শো উপস্থাপক গাড়িপ্রেমী জে লিনোর সঙ্গেও এই ভাবনা নিয়ে কথা বলেছিলেন ইলন মাস্ক।
সে সময় জে লিনো বলেছিলেন, মাস্ক কখন রসিকতা করেন, আর কখন সিরিয়াস থাকেন, তা বোঝা কঠিন। তবে মাস্ক পরিষ্কার জানিয়েছিলেন, তিনি এই ভাবনা নিয়ে শতভাগ সিরিয়াস।
সাম্প্রতিক এই প্রদর্শনী মাস্কের সেই অদ্ভুত ভাবনাকে বাস্তবতার এক ধাপ কাছাকাছি নিয়ে এসেছে। যদিও রাস্তায় চলাচলের ক্ষেত্রে গাড়িটি প্রতিদিন উড়তে পারবে কি না, তা এখনো প্রমাণিত নয়।
ইলন মাস্ক জানিয়েছেন, নতুন ডিজাইনের ওড়ার সক্ষমতাসম্পন্ন রোডস্টার গাড়িটি ২০২৮ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। তবে সাধারণ ক্রেতাদের জন্য বাজারে যে মডেলটি আসবে, তাতে রকেট থ্রাস্টার প্রযুক্তিটি থাকবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
ওই প্রদর্শনীতে একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে গাড়িটি শূন্যে উড়েছে এবং ডিগবাজি খেয়েছে। কিন্তু সাধারণ ক্রেতাদের জন্য এটি কতটা বাস্তবসম্মত বা নিরাপদ গাড়ি হবে, তা সময়ই বলে দেবে।