
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি। ১৯৯৯ সালের মার্চ মাসের শেষের দিকের এক সকাল। যুক্তরাষ্ট্রের একটি বি–৫২ বোমারু বিমান বিমানঘাঁটিটি থেকে উড়াল দেয়। যাত্রা করে দক্ষিণ–পূর্ব দিকে। মিনিট দুয়েকের মধ্যে আরও সাতটি যুদ্ধবিমান একই পথে উড়ে যায়।
এসব যুদ্ধবিমান উড়ে গিয়ে তৎকালীন যুগোস্লাভিয়ায় হামলা চালায়। সেদিন দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হামলা শুরু হয়েছিল। অভিযানে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো যুগোস্লাভিয়ায় হামলা চালাতে এখান থেকে উড্ডয়ন করত। পাশাপাশি হামলায় অংশ নেওয়া যুদ্ধবিমানগুলোয় জ্বালানি সরবরাহের কেন্দ্র হিসেবে এ বিমানঘাঁটি ব্যবহার করা হতো।
এর আগে ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময়ও যুক্তরাজ্যে অবস্থিত এ বিমানঘাঁটি একই ভূমিকা পালন করে। পরে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ও ঘাঁটিটি ব্যবহার করে মার্কিন বাহিনী। সর্বশেষ এ বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রারম্ভিক অবস্থায় এ ঘাঁটি ব্যবহার করা হয়েছে।
পরিস্থিতি বদলেছে। গত অক্টোবরে ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে ১২টি মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের ক্রমবর্ধমান হুমকির মুখে ঘাঁটিটি আর নিরাপদ নয়—এমন আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
ইরান নিজস্ব প্রযুক্তিতে কম খরচে ড্রোন তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে। এসব ড্রোন দিয়ে তুলনামূলক কম খরচে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা যায়। অন্যদিকে এসব প্রতিহত করতে প্রতিপক্ষকে অনেক বেশি দামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। এতে তাদের যুদ্ধের ব্যয় বেড়ে যায়।
এর কয়েক দিন আগেই যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনী কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। দেশটির সরকার অভিযোগ করে, ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার একটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। এর পেছনে ইরানের হাত আছে। তবে তেহরানের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
শুধু ফেয়ারফোর্ড নয়, একে একে অন্যান্য ঘাঁটি থেকেও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ মাসের শুরুতে যুক্তরাজ্য আরেকটি ঘাঁটি আরএএফ মিলডেনহল থেকে ১২টি মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হয়েছে।
গত জুলাইয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর সেসব ঘাঁটিতে থাকা বিভিন্ন সামরিক সরঞ্জাম দ্রুত জর্ডানে সরিয়ে নেওয়া হয়। সেসব সামরিক সরঞ্জাম ইসরায়েলে স্থানান্তরের একটি প্রস্তাবও বিবেচনা করছে ওয়াশিংটন।
বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এসব ঘটনা উপসাগরীয় ও ইউরোপীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য নতুন এক নিরাপত্তাসংকট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সেনাদের ঘাঁটি স্থাপনের সুযোগ দিলে সংশ্লিষ্ট দেশগুলো এমন একটি যুদ্ধে পাল্টা হামলার ঝুঁকিতে পড়ছে, যে যুদ্ধ শুরুর সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকাই নেই।
বিদেশে এসব ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের অন্যতম প্রতীক। দীর্ঘ কয়েক দশক ধরে এসব ঘাঁটি মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও কাজ করেছে। নিজ দেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুদ্ধ পরিচালনা এবং সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে এসব ঘাঁটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ছাড়া ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের জন্য ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে এসেছে। অন্য দেশের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি তাদের আশ্বস্ত করেছে।
বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা দেখিয়েছে তেহরান। এমনকি যুক্তরাজ্য অবস্থিত ঘাঁটি পর্যন্ত হুমকির মুখে পড়েছে। ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব ঘাঁটি এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নিরাপত্তার বদলে ঝুঁকির কারণ হয়ে উঠছে। এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তাছাতা এখন ক্রমেই দুই ধারওয়ালা তলোয়ারে পরিণত হচ্ছে।সাইমন মাবন, যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক
যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাছাতা এখন ক্রমেই দুই ধারওয়ালা তলোয়ারে পরিণত হচ্ছে।
সাইমন আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে সেগুলোর কৌশলগত সুবিধা নিয়ে ওয়াশিংটনের হিসাব-নিকাশও বদলে যাচ্ছে। একই সঙ্গে ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোকে এসব ঘাঁটি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। কারণ, এসব ঘাঁটি ক্রমেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি থাকাটা মিত্রদেশগুলোর কাছে নিরাপত্তার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। দীর্ঘদিন ধরে এমনটাই বিবেচনা করা হয়ে আসছে। ইউরোপ, উপসাগরীয় অঞ্চল কিংবা পূর্ব এশিয়া—সব জায়গায় মিত্রদেশগুলো নিজেদের ওপর আসা হুমকি মোকাবিলায় মার্কিন সামরিক উপস্থিতিকে প্রতিরোধের অন্যতম উপায় হিসেবে দেখে থাকে।
বড় সামরিক ঘাঁটিগুলোয় এখন তুলনামূলক সহজেই হামলা চালানো যাচ্ছে।মার্ক হিলবোর্ন, লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একবার উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের ‘অটুট অঙ্গীকারের’ কথা বলেছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রায়ই ‘বিশেষ সম্পর্ক’ বলে উল্লেখ করে যুক্তরাজ্য। ডোনাল্ড ট্রাম্প এবার প্রেসিডেন্ট হওয়ার আগে যুক্তরাষ্ট্রও নিজেকে মিত্রদেশগুলোর নিরাপত্তায় নির্ভরযোগ্য রক্ষক হিসেবে উপস্থাপন করে এসেছে।
সাম্প্রতিক সময়ে একের পর এক নিরাপত্তাসংক্রান্ত ঘটনা সেই ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এর অনেকগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। এসব ঘটনায় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার অঙ্গীকার আসলে কার স্বার্থ রক্ষা করছে? নিজ দেশে মার্কিন সেনাদের ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়ে মিত্রদেশগুলো কি উল্টো নিজেদের জন্য বিপদ ডেকে আনছে?
যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাঁদের দাবি, তিনজনই ইরানের মদদপুষ্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলার পরিকল্পনায় তাঁদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে যুক্তরাজ্যে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিও ছিল।
উপসাগরীয় অঞ্চলে প্রতিবেশী দেশগুলোয় হামলা চালানোর কারণ সম্পর্কে ইরান স্পষ্ট করে বলেছে, এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। তেহরান এরই মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েতে হামলা চালিয়েছে।
এ ছাড়া ওমানের ভূখণ্ডেও হামলা চালিয়েছে তেহরান। যদিও দেশটিতে যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি নেই। উপসাগরীয় অঞ্চলের বাইরে জর্ডান ও ইরাকে হামলা চালানো হয়েছে। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের বেশ বড়সড় সামরিক স্থাপনা রয়েছে।
পেন্টাগনের নজরদারি সংস্থার গত সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম চার মাসে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় কয়েক শ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় অন্তত পাঁচটি কেসি-১৩৫ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব উড়োজাহাজ দিয়ে মাঝ–আকাশে অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। পরে আরেকটি হামলায় মাটিতে থাকা অন্তত একটি আকাশপথে নজরদারি ও নিয়ন্ত্রণ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এসব ঘটনা উপসাগরীয় ও ইউরোপীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য নতুন এক নিরাপত্তাসংকট তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সেনাদের ঘাঁটি স্থাপনের সুযোগ দিলে সংশ্লিষ্ট দেশগুলো এমন একটি যুদ্ধে পাল্টা হামলার ঝুঁকিতে পড়ছে, যে যুদ্ধ শুরুর সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকাই নেই।
অন্যদিকে এসব মার্কিন ঘাঁটি আবার সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে দেশগুলোকে হামলা থেকে রক্ষা করতে সহায়তা করে মার্কিন সামরিক স্থাপনাগুলো।
ইরানে যুদ্ধের জেরে জাহাজ ও উড়োজাহাজ চলাচল এবং পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। হুমকির মুখে পড়েছে উপসাগরীয় অঞ্চলের অনেক দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি—জ্বালানি তেল ও গ্যাস রপ্তানি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রয়োজন আপাতত আর নেই। তবে ইরানের বন্দরগুলোয় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানি বলেন, বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সব সময় সম্ভাব্য ঝুঁকি এবং এর বিনিময়ে পাওয়া নিরাপত্তার নিশ্চয়তার হিসাব–নিকাশ করতে হয়েছে। উপসাগরীয় আরব দেশগুলোর সেই দৃষ্টিভঙ্গি বদলেছে।
মোহাম্মদ আলী শাবানি বলেন, মার্কিন সামরিক স্থাপনা থাকার বিষয়টি এখন সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এসব দেশ ইরানে যুদ্ধ চায়নি; কিন্তু নিজেদের মতামত দেওয়ার তেমন কোনো সুযোগ ছাড়াই এসব দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে।
গত মার্চে ইরানের একটি ড্রোন সুদূর সাইপ্রাসে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির হ্যাঙ্গারে আঘাত হানে। যুক্তরাষ্ট্রও গোয়েন্দা তথ্য সংগ্রহ ও রসদ সরবরাহের কাজে এ ঘাঁটি ব্যবহার করে।
এর আগে ন্যাটোর সদস্যদেশ বুলগেরিয়াকে হুমকি দিয়েছিল ইরান। দেশটি যুক্তরাষ্ট্রকে তাদের বেজমের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল। ইরানে হামলায় অংশ নেওয়া মার্কিন উড়োজাহাজগুলো সেখানে জ্বালানি নিতে পারত বলেও জানা যায়।
কয়েক সপ্তাহ পর বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানিবাহী উড়োজাহাজগুলো স্থায়ীভাবে বেজমের বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে। দেশটির প্রেসিডেন্টও ঘোষণা দেন, ‘অভিযান শেষ হয়েছে’।
বিশ্লেষকদের অনেকের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহার করা কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কার্যত অচল হয়ে পড়েছে। এর মধ্যে কুয়েতের ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়েতের শুয়াইবা বন্দরে ইরানের হামলায় মার্কিন বাহিনীর ছয়জন সার্ভিস সদস্য নিহত হন। ধ্বংস হয়ে যায় একটি অভিযান পরিচালনা কেন্দ্র। আলী আল–সালেম বিমানঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজ চলাচলের স্থাপনা। ক্যাম্প বুহরিংয়েও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রক্ষণাবেক্ষণ আর জ্বালানি সরবরাহের স্থাপনা।
কাতারে আল–উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলায় আগাম সতর্কবার্তা দেওয়ার রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অভিযান পরিচালনার সদর দপ্তর অবস্থিত। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানের ড্রোন। এতে যোগাযোগ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ক্ষয়ক্ষতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। তা হলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পরও যুক্তরাষ্ট্র এসব ঘাঁটি কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারবে?
কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও উপসাগরীয় অঞ্চল–বিষয়ক অধ্যয়নের অধ্যাপক গের্ড ননেম্যান বলেন, বেশ কিছু সামরিক ঘাঁটি নিজেরাই বেশ ঝুঁকিপূর্ণ—এটা ইরান যুদ্ধ দেখিয়ে দিয়েছে। এসব ঘাঁটির অনেকগুলো যে উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, সেই কাজও এখন ঠিকঠাকভাবে করতে পারছে না।
লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবোর্ন বলেন, বড় সামরিক ঘাঁটিগুলোয় এখন তুলনামূলক সহজেই হামলা চালানো যাচ্ছে। হামলায় তুলনামূলক কম দামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন বড় ভূমিকা রাখছে।
ইরান নিজস্ব প্রযুক্তিতে কম খরচে ড্রোন তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে। এসব ড্রোন দিয়ে তুলনামূলক কম খরচে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা যায়। অন্যদিকে এসব প্রতিহত করতে প্রতিপক্ষকে অনেক বেশি দামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। এতে তাদের যুদ্ধের ব্যয় বেড়ে যায়।
যুক্তরাজ্যে ড্রোনের কারণে মার্কিন বিমানঘাঁটিগুলো ভিন্ন ধরনের নিরাপত্তাঝুঁকিতে পড়েছে। আরএএফ মিলডেনহল ঘাঁটির হুমকির যে কথা বলা হয়েছে, সেটার প্রকৃতি এখনো স্পষ্ট নয়। ফেয়ারফোর্ড ঘাঁটির ক্ষেত্রে হামলার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।
যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক ও প্রশিক্ষণ বিভাগের প্রধান আরবান কনিংহাম বলেন, ঘাঁটিগুলো এখন আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এখন যে কেউ বাড়ির বেজমেন্টে বসেই ড্রোন বানাতে পারে। বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করতে চাওয়া ব্যক্তিরাও সংঘবদ্ধ অপরাধী চক্রের সহায়তা নিতে পারে। ফলে হামলার পেছনে কারা জড়িত, সেটা শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়ছে।
কনিংহামের মতে, এসব কারণে সামরিক ঘাঁটিগুলো আগের চেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। তাই ঘাঁটিগুলোর নিরাপত্তা ও কৌশলগত গুরুত্ব বিবেচনার ক্ষেত্রে নতুন করে ভাবতে হচ্ছে।
উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ওপর ওয়াশিংটনের নির্ভারশীলতা আরও বৃদ্ধি পেতে পারে।
বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানি বলেন, ইসরায়েলকে গুরুত্বপূর্ণ অগ্রবর্তী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের দিকে এগোচ্ছে সেন্টকম। এরই মধ্যে এমন কিছু ইঙ্গিত মিলেছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল। উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি মূলত তেল ও গ্যাস রপ্তানির ওপর নির্ভরশীল। যুদ্ধের কারণে এসব রপ্তানি হুমকিতে পড়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সেনাদের কাছাকাছি রাখতে পারলে প্রয়োজনের যেকোনো সময় দ্রুত পদক্ষেপ নিতে পারবে ওয়াশিংটন। যদিও এতে মার্কিন সেনারা ইরানের হামলার ঝুঁকিতে থাকবেন।
আরবান কনিংহাম বলেন, দীর্ঘ মেয়াদে এ সমস্যার সমাধান করতে হলে মিত্রদেশগুলোর সঙ্গে কাজ করা এবং তাদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার মতো সক্ষম করে তোলা প্রয়োজন।
কনিংহাম বলেন, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মধ্যেও এ নিয়ে বিতর্ক রয়েছে। ইরানিরাও বিষয়টি তুলে ধরে বলছেন, যত দিন যুক্তরাষ্ট্রের সেনারা এসব দেশে থাকবেন, তত দিন হামলার লক্ষ্যবস্তু হবে।
কনিংহামের মতে, এটাই যুক্তরাষ্ট্রের নীতিগত দ্বিধা। কাজেই কোনো না কোনো কৌশলে সামরিক ঘাঁটি রেখে দেওয়ার বিকল্প এখনো হয়তো দেশটির সামনে নেই।