নিউইয়র্কে ধসে পরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
নিউইয়র্কে ধসে পরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জন নিহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৭টি শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কতজন আটকে আছেন বা নিখোঁজ রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় স্থানীয় সময় বিকেল চারটার দিকে ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করে স্ট্রেচারে তুলছেন। পরে মই বেয়ে তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধার অভিযান চার ঘণ্টার বেশি সময় ধরে চলার পরও ভবনটির আরও একটি অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ায় দুটি স্থাপনাতেই কয়েকজন আটকা পড়েছেন। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার বলেছেন, উদ্ধার ও তল্লাশির এই অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনর হতাহতের হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল। এ ছাড়া উদ্ধার অভিযান পরিচালনার সময় ফায়ার সার্ভিসের একজন কর্মীও সামান্য আহত হয়েছেন।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ে ভবনধসের খবর জানিয়ে ৯১১ নম্বরে ফোন করা হয়। এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং সঙ্গে সঙ্গে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেন।

সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, ‘অত্যন্ত শোকাহত হৃদয়ে জানাচ্ছি, এ পর্যন্ত অন্তত দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে।’