
সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে টুইটারের সাবেক এক কর্মীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। খবর রয়টার্স ও এএফপির
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম আহমেদ আবু আম্মো।
গত আগস্টে একাধিক ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন আহমেদ। তাঁর অপরাধের মধ্যে রয়েছে—একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হওয়া, অর্থ পাচার, জালিয়াতি।
প্রসিকিউটরেরা সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতকে বলেন, টুইটারে চাকরি করার সুবাদে ব্যবহারকারীদের ব্যক্তিগত অনেক তথ্য জানার সুযোগ ছিল আহমেদের। তিনি প্রায় সাত বছর আগে ১ লাখ ডলার ও ৪০ হাজার ডলারের বেশি দামের একটি ঘড়ির বিনিময়ে অনেক ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছেন।
আদালতের নথি অনুযায়ী, যে ব্যক্তি আহমেদের কাছ থেকে অর্থ ও দামি উপহারের বিনিময়ে টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন, তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি স্টেফানি হিন্ডস এক বিবৃতিতে বলেছেন, এই মামলা প্রমাণ করেছে, সৌদির মতো দেশগুলো সিলিকন ভ্যালির সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর সংগ্রহ করা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে প্রতিষ্ঠানের কর্মীদের ঘুষ দিয়ে থাকে।
আহমেদের বয়স ৪৫ বছর। তিনি ২০১৫ সালে টুইটারের চাকরি ছেড়ে দেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলে ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনে চাকরি নেন। তিনি সেখানেই বসবাস করছিলেন।
আদালতের নথি অনুযায়ী, আহমেদের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ আনা হয়। তার মধ্যে ৬টিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছে।
আহমেদের কারাদণ্ডের বিষয়ে প্রতিক্রিয়া জানতে রয়টার্সের পক্ষ থেকে ওয়াশিংটনের সৌদি দূতাবাস ও টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে এ ব্যাপারে কারও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।