
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি ছোট কৃষিপ্রধান শহরে মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক। বুধবার বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী। এতে বিস্ফোরণস্থল থেকে ১২০ কিলোমিটারের বেশি দূরের বাতাসে বিষাক্ত সিসা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মার্কিন সেনাবাহিনীর দাবি, বিস্ফোরকগুলো এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সেগুলো কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও সম্ভব ছিল না। বিস্ফোরণের পর বিষাক্ত সিসা কণা ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল।
কর্মকর্তারা জানান, লেড অ্যাজাইড নামের বিস্ফোরক পদার্থগুলো ৬৮টি ড্রামে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে সংরক্ষণের কারণে নষ্ট হয়ে যাওয়া এই পদার্থের পুরোটাই ছিল যুক্তরাষ্ট্রের মজুতভান্ডারের অংশ। এগুলো যেকোনো সময় নিজে থেকেই বিস্ফোরিত হওয়ারও ঝুঁকি ছিল।
বিস্ফোরকগুলো ১৫ বছরের বেশি সময় ধরে আইওয়ার মিডলটাউন শহরের আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে সংরক্ষিত ছিল। ঝুঁকি এড়াতে সেখানেই নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়ন্ত্রিত বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ আকাশে ছিটকে পড়ে। গাছপালার ওপর দিয়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার বিশাল মেঘ।
প্রায় পাঁচ টন বিস্ফোরক ধ্বংসের সময় পরিবেশদূষণ সীমিত রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে মিডলটাউন ও আশপাশের এলাকার বাসিন্দাদের বিস্ফোরণের আগে এলাকা ছেড়ে যাওয়ার পরামর্শ দেয় সেনাবাহিনী। বিস্ফোরণের সময় কাচের টুকরা ছিটকে আসার ঝুঁকি এড়াতে স্থানীয় বাসিন্দারা জানালায় টেপ লাগিয়ে রাখেন। সম্ভাব্য বিষাক্ত ধুলার সংস্পর্শ এড়াতে তাঁদের ঘরের ভেতরে থাকারও পরামর্শ দেওয়া হয়।
নিয়ন্ত্রিত বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ চারপাশে ছিটকে পড়ে। গাছপালার ওপর দিয়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার বিশাল মেঘ। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক জানান, বিস্ফোরণস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আইওয়া থেকে পাওয়া প্রাথমিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, ঝুঁকি কমাতে সেনাবাহিনীর নেওয়া ব্যবস্থা প্রত্যাশার চেয়ে অনেক বেশি কার্যকর হয়েছে।’
যুক্তরাষ্ট্রের পরিবেশ সংস্থার প্রধান লি জেলডিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, নমুনা পরীক্ষায় এখন পর্যন্ত সিসার উপস্থিতি শনাক্ত হয়নি।
কয়েক মাস আগে এই কাজের জন্য প্রশাসন যাঁদের নিয়োগ দিয়েছিল, তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রশাসনের সিদ্ধান্ত নেওয়া উচিত।রব স্যান্ড, গভর্নর, আইওয়া অঙ্গরাজ্য
প্রথমে ২০ নভেম্বর বিস্ফোরণ ঘটিয়ে এসব বিস্ফোরক ধ্বংস করার কথা ছিল। পরে অভিযানটি তিন দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। এরপর আদালতের সিদ্ধান্ত এবং আইওয়া অঙ্গরাজ্যের নবনির্বাচিত গভর্নর রব স্যান্ডের অনুমোদনের অপেক্ষায় অভিযান স্থগিত রাখেন প্রেসিডেন্ট ট্রাম্প।
গত সোমবার সন্ধ্যায় এক রায়ে বিস্ফোরণ ঘটানোর পথ খুলে দেন আদালত। একই দিন স্যান্ড বলেন, কয়েক মাস আগে এই কাজের জন্য প্রশাসন যাঁদের নিয়োগ দিয়েছিল, তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রশাসনের সিদ্ধান্ত নেওয়া উচিত।
বিস্ফোরণস্থল থেকে প্রায় ১০ মাইল বা ১৫ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিস্ফোরক ধ্বংসের অভিযানে বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন কর্নেল অ্যারন টেলার। তিনি জানান, এর আগে সর্বশেষ বড় পরিসরে লেড অ্যাজাইড ধ্বংস করা হয়েছিল ১৯৭৭ সালে। সে সময় কলোরাডো অঙ্গরাজ্যে খোলা জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে প্রায় সাত হাজার পাউন্ড লেড অ্যাজাইড ধ্বংস করা হয়েছিল।
টেলার বলেন, ওই বিস্ফোরণের সময় দূষণ প্রতিরোধে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া না হলেও সিসার প্রায় ৭৫ শতাংশ কণা বিস্ফোরণস্থলেই থেকে যায়।
তবে আইওয়ার বিস্ফোরণে সিসার কণা আরও ভালোভাবে আটকে রাখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিস্ফোরণের আগে সাংবাদিকদের টেলার বলেন, ওই দুটি বাংকারের চারপাশে ব্যাপক সুরক্ষাব্যবস্থা তৈরি করা হয়েছে। মাটি দিয়ে ভরাট করা প্রতিরক্ষামূলক বাঁধগুলো বিস্ফোরক রাখার স্থাপনাগুলোর ছাদের চেয়েও অনেক উঁচু।
এ ছাড়া সুরক্ষাব্যবস্থার মধ্যে বিশেষ একটি নির্গমনপথ রাখা হয়েছিল। বিস্ফোরণে ছিটকে আসা উপাদানগুলো যাতে গোলাবারুদ কারখানার সীমানার ভেতরে জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়।
টেলার জানান, বিস্ফোরণ নিয়ন্ত্রণ এবং সিসার কণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া ঠেকাতে ঘটনাস্থলে বড় বড় পানির ট্যাংক বসানো হয়েছিল। পাশাপাশি বিস্ফোরণের তীব্রতা এবং বিস্ফোরণে ছড়িয়ে পড়া পদার্থের পরিমাণ কমাতে বিস্ফোরক রাখার স্থাপনাগুলোর বাইরের অংশ ফোমজাতীয় পদার্থ দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থাও নিয়েছিল সেনাবাহিনী।
ওই দুটি বাংকারের চারপাশে ব্যাপক সুরক্ষাব্যবস্থা তৈরি করা হয়েছে। মাটি দিয়ে ভরাট করা প্রতিরক্ষামূলক বাঁধগুলো বিস্ফোরক রাখার স্থাপনাগুলোর ছাদের চেয়েও অনেক উঁচু।অ্যারন টেলার, কর্নেল, বিস্ফোরক ধ্বংসের বিশেষজ্ঞ দলের প্রধান
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দুটি মানচিত্র প্রকাশ করেছে। এর একটিতে বিস্ফোরণস্থল থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ১২০ কিলোমিটারের বেশি বিস্তৃত এলাকায় বাতাসে বিষাক্ত সিসার ধুলার সংস্পর্শে আসার আশঙ্কার কথা বলা হয়েছে। অন্য মানচিত্রে তুলনামূলক ছোট একটি এলাকায় বিভিন্ন স্থাপনা ও বস্তুর উপরিভাগে সিসার কণা জমার আশঙ্কার চিত্র দেখানো হয়েছে।
মানচিত্রগুলোর সঙ্গে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ‘চিহ্নিত এলাকাগুলো এড়িয়ে চলার কথা বিবেচনা করুন। অথবা ঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে থাকুন।’ সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ছয় বছরের কম বয়সী শিশুরা সিসার সংস্পর্শে এলে বিশেষভাবে ঝুঁকিতে থাকে।
বিস্ফোরণের আগে স্থানীয় বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ারও আহ্বান জানায় সেনাবাহিনী। আইওয়ার মিডলটাউন ও আশপাশের সরাসরি প্রভাবিত এলাকার বাসিন্দাদের সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুপারিশ বাস্তবায়নে সহায়তা করেছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)। সেনাবাহিনী আরও জানায়, এলাকা নিরাপদ ঘোষণা করা হলে বাসিন্দাদের ফোনে জানানো হবে। এরপর তাঁরা বাড়িতে ফিরতে পারবেন।