টেক্সাসে ৪ ভারতীয়কে অকথ্য গালাগালি-হামলা, মেক্সিকোর নারী গ্রেপ্তার

ডালাসে একটি রেস্তোরাঁর পার্কিং লটে চারজন ভারতীয় নারীকে গালি ও হুমকি দেন মেক্সিকান বংশোদ্ভূত এক নারী
ডালাসে একটি রেস্তোরাঁর পার্কিং লটে চারজন ভারতীয় নারীকে গালি ও হুমকি দেন মেক্সিকান বংশোদ্ভূত এক নারী

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত কয়েক নারীকে অকথ্য ভাষায় গালাগালি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, ডালাসে সিক্সটি ভাইনস রেস্তোরাঁর পার্কিং লটে মেক্সিকোর বংশোদ্ভূত এক নারী চারজন ভারতীয় নারীকে গালি ও হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

ঘটনাটি গত বুধবার রাতের। হামলাকারী ওই নারী মেক্সিকোর বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক। ভিডিওতে দেখা গেছে, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নারীদের দেশে ফিরে যেতে বলছেন তিনি। ভিডিওটির শুরুই হয়েছে ওই নারীদের বাদানুবাদ দিয়ে।

ভারতীয় বংশোদ্ভূত চার মার্কিন নারীকে আক্রমণ করতে করতে ওই নারী বলছিলেন ‘এসব ভারতীয় নাগরিক উন্নত জীবনের আশায় আমেরিকায় আসে। আপনারা আমাদের দেশে আসেন এবং সবকিছু বিনামূল্যে পেতে চান। আমি মেক্সিকান আমেরিকান। আমার জন্ম এখানে।’ পরে পুলিশ জানায়, ওই নারীর নাম এসমেরালদা উপতোন। তিনি প্ল্যানোর বাসিন্দা।

ভারতীয় বংশোদ্ভূত ভুক্তভোগী ওই নারীরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পর প্ল্যানো পুলিশ বিভাগের কর্মকর্তারা উপতোনকে গ্রেপ্তার করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শারীরিকভাবে আঘাত করা এবং সন্ত্রাসী কায়দায় হুমকি দেওয়ার অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী নারীদের একজন হামলাকারীর কাছে বিদ্বেষের কারণ জানতে চেয়েছিলেন। তিনি প্রশ্ন করেন, ‘কী কারণে আপনার মনে হচ্ছে আমরা আমেরিকান নই?’ জবাবে উপতোন বলেন, ‘আপনাদের কথা বলার ধরনেই তা বোঝা যায়। কারণ, আমি মেক্সিকান আমেরিকান এবং আমি ইংরেজি ভাষায় কথা বলি।’

তিনি অনবরত বর্ণবাদী গালাগালি করে যেতে থাকেন। বলেন, ‘ভারতে জীবনযাপন যদি এতই দারুণ হতো, তাহলে কেন তোমরা . . আমেরিকায় পড়ে আছ।’
রানী ব্যানার্জি নামের একজন ফেসবুকে সাড়ে পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। হামলার শিকার হওয়া নারীদের একজন রানী।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওই নারীদের শারীরিকভাবেও লাঞ্ছিত করেন উপতোন। তাঁদের ক্যামেরা বন্ধ করে দিতে বলা হয়। ওই চার নারীকে গুলি করারও হুমকি দেওয়া হয়। এ ধরনের ঘটনা ভিডিও করছিলেন, এমন এক নারীর মুখেও আঘাত করা হয়।

ভয়াবহ এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ডেমোক্রেটিক পার্টির নেতা রিমা রাসুল টুইটারে ভিডিওটি পোস্ট করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা খুব ভয়ের। তাঁর কাছে একটি বন্দুক ছিল এবং তিনি গুলি করতে চেয়েছিলেন। কারণ ইংরেজি বলার সময় ওই ভারতীয় আমেরিকান নারীদের উচ্চারণে নিজ দেশের ভাষার টান আসছিল। জঘন্য ঘটনা। বিদ্বেষমূলক অপরাধ সংঘটনের দায়ে এ ভীতিকর নারীর বিচার হওয়া প্রয়োজন।’

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে এ ঘটনাকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। সামনে আরও অতিরিক্ত অভিযোগ দায়ের হতে পারে।