
মরক্কোর প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপির।
গতকাল বুধবার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয় মরক্কো। ম্যাচটি ছিল ঐতিহাসিক। কারণ, প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কো বিশ্বকাপের সেমিফাইনাল খেলল। ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স।
ওয়াশিংটন ডিসিতে চলছে ‘ইউএস-আফ্রিকা লিডারস সামিট’। এই সম্মেলন উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে আফ্রিকান নেতারা জড়ো হয়েছেন। গতকাল এই সম্মেলনে আফ্রিকান নেতাদের সামনে ভাষণ দেন বাইডেন।
এদিন ফ্রান্স-মরক্কোর ম্যাচ থাকায় বাইডেন তাঁর বক্তৃতা সংক্ষিপ্ত করেন। পরে তিনি মরক্কোর প্রধানমন্ত্রীসহ বেশ কিছু আফ্রিকান নেতার সঙ্গে খেলা দেখেন।
সময় মেনে চলা বা সংক্ষেপে কথা বলার জন্য বাইডেন পরিচিত নন। তবে গতকাল তিনি কাতার বিশ্বকাপের এই ম্যাচ সম্পর্কে বেশ সচেতন ছিলেন।
সম্মেলনে আফ্রিকান নেতাদের উদ্দেশে বাইডেন বলেন, ‘আমি জানি, আপনারা নিজেদের বলছেন, বাইডেন বক্তৃতা ছোট করো, সেমিফাইনালের খেলা আছে। আমি বিষয়টি বুঝতে পেরেছি।’
বাইডেন এই কথা বলার পর মিলনায়তনে হাসির রোল পড়ে যায়। উপস্থিত সবাই করতালি দেন। বাইডেন যখন এ কথা বলেন, তখন সম্মতিজ্ঞাপন করেন তাঁর জলবায়ুবিষয়ক দূত জন কেরি। তিনি একজন সুপরিচিত ফুটবল–অনুরাগী।
প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল খেলায় মরক্কোকে অভিনন্দনও জানান বাইডেন। বাইডেন তাঁর কথা রাখেন। তিনি সম্মেলনে তাঁর বক্তৃতা সংক্ষিপ্ত করেন।
হোয়াইট হাউস জানায়, পরে এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানউচসহ অন্য আফ্রিকান নেতাদের সঙ্গে বাইডেন ম্যাচটি দেখেন।
কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছিল, তবে দলটি দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে যায়।