যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। গতকাল শুক্রবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটির মধ্য দিয়ে তাঁর নিয়োগ চূড়ান্ত হয়। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত এই ব্যক্তির নিয়োগ চূড়ান্ত হতে বেশ বেগ পেতে হয়েছে। সিনেটে ডেমোক্র্যাটরা তাঁর ব্যাপক বিরোধিতা করেছেন। তাঁদের কাতারে শামিল হয়েছিলেন কয়েকজন রিপাবলিকানও।
গতকাল যুক্তরাষ্ট্রের সিনেটে হেগসেথের পক্ষে ও বিপক্ষে ৫০টি করে ভোট পড়ে। ডেমোক্র্যাট ও স্বতন্ত্রদের পাশাপাশি হেগসেথের নিজ দল রিপাবলিকানের তিন সদস্যও তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন। পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় ফলাফল ঘোষণায় জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিনেটে ভোট দিতে আসেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
জে ডি ভ্যান্স পক্ষে ভোট দেওয়ায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের নিয়োগ চূড়ান্ত হলো।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের সাবেক কর্মী হেগসেথ পেন্টাগনে বড় ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্টের টাইব্রেক ভোটে মন্ত্রিসভার কোনো সদস্যের নিয়োগ চূড়ান্ত হলো। প্রথম ঘটনাটিও ট্রাম্পের শাসনামলেই ঘটেছিল। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর মনোনীত শিক্ষামন্ত্রী বেটসি ডেভোসের নিয়োগ চূড়ান্ত করতে ভাইস প্রেসিডেন্টের ভোট লেগেছিল।
হেগসেথের বিরুদ্ধে ভোট দেওয়া তিন রিপাবলিকান সিনেটর হলেন লিসা মুরকৌস্কি, সুসান কলিন্স ও মিচ ম্যাককনেল। মিচ ম্যাককনেল এই মাস পর্যন্ত সিনেটে রিপাবলিকান পার্টির নেতা ছিলেন।
গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরপরই ট্রাম্প তাঁর প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে মনোনীত করেন। তবে তাঁর বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন, অতিরিক্ত মদ পানসহ বিভিন্ন অভিযোগ প্রকাশ হতে থাকে। এ অবস্থায় তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে। তবে হেগসেথ বারবারই মদ পানসহ অসদাচরণের সব অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, নিয়োগ নিশ্চিত হলে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করার সময় তিনি মাদক নেবেন না।
গতকাল হেগসেথের পক্ষ সমর্থনকারী রিপাবলিকান সিনেটররা যুক্তি দেখিয়েছেন, তিনি (হেগসেথ) বিশ্বাসঘাতকতা, অতীতে মদ পানের অভিযোগসহ ব্যক্তিগত ব্যর্থতাগুলো স্বীকার করেছেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের যুদ্ধজয়ের মূল লক্ষ্যকে মনোযোগের কেন্দ্রে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনিই সঠিক ব্যক্তি।