ফ্লোরিডার পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট, ২৮ ডিসেম্বর, ২০২৫
ফ্লোরিডার পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট, ২৮ ডিসেম্বর, ২০২৫

ট্রাম্পের মার-এ-লাগোয় ঢোকার চেষ্টাকালে সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকার ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোয় ঢোকার চেষ্টাকালে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিশ। স্থানীয় সময় শনিবার দিবাগত গভীর রাতে নিহত ওই ব্যক্তি নিরাপত্তাবেষ্টনী ভেঙে ট্রাম্পের বাসভবনে প্রবেশের চেষ্টা করছিলেন। দেশটির আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প ঘটনার সময় মার-এ-লাগোতে ছিলেন না। তিনি ওয়াশিংটনে অবস্থান করছিলেন।

মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, ২০ থেকে ২৪ বছর বয়সী ওই যুবকের কাছে একটি শটগান ও একটি জ্বালানির পাত্র (ফুয়েল ক্যান) ছিল। রাত দেড়টার দিকে ট্রাম্পের বাসভবনের উত্তর গেটে তাঁকে দেখা যায়।

পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্রাডশ রোববার সকালে সংবাদ সম্মেলনে বলেন, সিক্রেট সার্ভিসের দুই এজেন্ট ও কাউন্টি শেরিফের একজন ডেপুটি ওই ব্যক্তিকে দেখেন। তাঁরা তাঁকে সঙ্গে থাকা দুটি জিনিস (শটগান ও জ্বালানির পাত্র) ফেলে দেওয়ার নির্দেশ দেন।

ব্রাডশ জানান, ওই ব্যক্তি জ্বালানির পাত্রটি (গ্যাস ক্যানিস্টার) ফেলে দেন। কিন্তু এরপর তিনি শটগানটি ‘গুলি করার ভঙ্গিতে’ উঁচিয়ে ধরেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালান।

ঘটনাস্থলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য আহত হননি।

আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা ওই ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেননি। কর্মকর্তারা জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এ ঘটনা তদন্তের দায়িত্ব নিয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে বর্তমানে রাজনৈতিক সহিংসতার ঘটনা বাড়ছে। ২০২৪ সালে ট্রাম্পকে দুবার হত্যার চেষ্টা করা হয়। এর মধ্যে একটি ছিল ওয়েস্ট পাম বিচে তাঁর নিজের গলফ মাঠে। তা ছাড়া ২০২৫ সালের জুনে মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক দলীয় আইনপ্রণেতা মেলিসা হর্টম্যান ও তাঁর স্বামী গুলিতে নিহত হন। এর কয়েক মাস পর রক্ষণশীল অ্যাকটিভিস্ট চার্লি কার্কও আততায়ীর গুলিতে নিহত হন।