হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধারকারীদের তৎপরতা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধারকারীদের তৎপরতা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, ১৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে সংবাদমাধ্যমের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শহরটির ফায়ার সার্ভিস বিভাগ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টার তাদের ‘নিউজচপার৪’। এটি আরেকটি সংবাদমাধ্যম টেলিমুন্ডো ৫২-এর জন্যও কাজ করত।

গতকাল মঙ্গলবার প্রাণঘাতী এক বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে হেলিকপ্টারটি নিজেই এ দুর্ঘটনার শিকার হয়।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওর্থ এলাকার দুটি বাণিজ্যিক ভবনের মধ্যে এটি আছড়ে পড়ে। লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস বিভাগের (এলএএফডি) একজন মুখপাত্র বিবিসিকে এ তথ্য জানান।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে কতজন ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনারে আগুন লাগে। ঘটনাস্থলে ৭০ জনের বেশি ফায়ার সার্ভিসের কর্মী পাঠানো হয় বলে জানায় এলএএফডি।

হেলিকপ্টার বিধ্বস্তের খবর সরাসরি সম্প্রচার করে সংবাদমাধ্যম এনবিসি ৪। সংবাদ উপস্থাপক কোলিন উইলিয়ামস আবেগাপ্লুত কণ্ঠে নিশ্চিত করেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি স্থানীয় সংবাদমাধ্যমটিরই।

কোলিন উইলিয়ামস বলেন, ‘দুর্ঘটনাস্থলে থাকা সহকর্মীদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত খবর পেয়েছি।’

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্ত করবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

এদিকে একই দিন চ্যাটসওর্থে বাস দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি এসইউভি গাড়ি একটি নগর বাসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনারই খবর সংগ্রহের কাজে গিয়েছিল হেলিকপ্টারটি।