
সম্পাদকীয় স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের সামরিক সংবাদপত্র স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর প্রধান সম্পাদক ও একজন জ্যেষ্ঠ প্রতিবেদককে গতকাল শুক্রবার বরখাস্ত করেছে পেন্টাগন। তাঁদের বিরুদ্ধে ‘অবাধ্যতার’ অভিযোগ আনা হয়েছে।
দীর্ঘদিন ধরে সম্পাদকীয় স্বাধীনতার ঐতিহ্য ধরে রাখা এ সামরিক সংবাদপত্রে প্রতিরক্ষা বিভাগের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করে এটির সম্পাদক ও প্রতিবেদক প্রকাশ্যে কথা বলেছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে ক্রমেই সংঘাতপূর্ণ হয়ে ওঠা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমের বিরুদ্ধে নেওয়া এটাই সর্বশেষ পদক্ষেপ।
কয়েক দিন আগে অবসরে যাওয়ার ঘোষণা দেওয়া সংবাদপত্রটির প্রকাশককেও বরখাস্ত করা হয়েছে।
পেন্টাগনের আংশিক অর্থায়নে পরিচালিত সংবাদপত্রটির প্রধান সম্পাদক এরিক স্লাভিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সামরিক বাহিনীর সম্ভাব্য সেন্সরশিপের (বিধিনিষেধ) বিরোধিতা করে দেওয়া একটি সাক্ষাৎকারের কারণে ‘অবাধ্যতা’র অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর সংঘাত ক্রমেই বেড়েছে। এর মধ্যে প্রতিরক্ষা বিভাগ নিয়ে কাজ করা সাংবাদিকদের পেন্টাগনে (মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর) প্রবেশের সুযোগও ব্যাপকভাবে সীমিত করা হয়েছে।
সম্পাদক স্লাভিন জানান, তাঁকে চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেওয়া হয়েছে। একই নোটিশ পেয়েছেন প্রকাশক ম্যাক্স লেডেরার। তিনি কয়েক দিন আগেই অবসরে যাওয়ার ঘোষণা দেন। অব্যাহতি দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিবেদক লারা কোরটেকেও।
ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর সংঘাত ক্রমেই বেড়েছে। এর মধ্যে প্রতিরক্ষা বিভাগ নিয়ে কাজ করা সাংবাদিকদের পেন্টাগনে (মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর) প্রবেশের সুযোগও ব্যাপকভাবে সীমিত করা হয়েছে। এ ছাড়া নীতিগত সিদ্ধান্ত বিষয়ে ও আদালতের লড়াইয়ে ট্রাম্প প্রশাসন বা নির্বাহী বিভাগের বিভিন্ন অংশ ওয়াল স্ট্রিট জার্নাল, অ্যাসোসিয়েটেড প্রেস ও নিউইয়র্ক টাইমস-এর সঙ্গে বিরোধে জড়িয়েছে। সম্প্রচার নেটওয়ার্কগুলোকে নিশানা করতেও ব্যবহার করা হয়েছে ফেডারেল কমিউনিকেশনস কমিশনকে (এফসিসি)।
স্লাভিন বলেন, তাঁকে বরখাস্ত করা হচ্ছে; কারণ, সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সামরিক সদস্যদের জন্য প্রকাশিত সংবাদে সেন্সরশিপ আরোপ করা হলে সেটি হবে একটি ‘রেডলাইন’ (চূড়ান্ত সীমা লঙ্ঘন)। একই সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন প্রতিবেদক কোরটেও।
স্লাভিন আরও বলেন, ‘আইন এবং প্রতিরক্ষা বিভাগের নিজস্ব নীতিমালায় যে কথা বলা হয়েছে, আমি সেই নীতির পক্ষে আছি। তবে স্টারস অ্যান্ড স্ট্রাইপসকে অবশ্যই সম্পাদকীয়ভাবে স্বাধীন থাকতে হবে।’
সংবাদমাধ্যমের নেতাদের উদ্বেগ
ন্যাশনাল প্রেসক্লাবের প্রেসিডেন্ট মার্ক শফ জুনিয়র স্লাভিনকে বরখাস্ত করার ঘটনাকে ‘পেন্টাগনের পক্ষ থেকে সামরিক বাহিনী নিয়ে সংবাদ পরিবেশনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরেকটি নির্লজ্জ চেষ্টা’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত।
আজ আমাকে জানানো হয়েছে, আমি অবাধ্যতার কারণে বরখাস্ত হচ্ছি। কারণ, আমি সিবিএসের এক প্রতিবেদককে বলেছিলাম, আমি স্টারস অ্যান্ড স্ট্রাইপসের জন্য কাজ করি, পেন্টাগনের জন্য নয়, প্রশাসনের জন্য নয় এবং কোনো নীতিনির্ধারকের জন্যও নয়।এরিক স্লাভিন, স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রধান সম্পাদক
মার্ক শফ বলেন, ‘সংবাদপত্রের একজন সম্পাদক তাঁর বার্তাকক্ষের সম্পাদকীয় স্বাধীনতার পক্ষে প্রকাশ্যে কথা বলার পর তাঁকে বরখাস্ত করা গভীরভাবে উদ্বেগজনক। স্বাধীন সাংবাদিকতার ওপর নির্ভরশীল প্রত্যেক সাংবাদিক ও মার্কিন সামরিক বাহিনীর প্রত্যেক সদস্যের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।’
ই-মেইলে মন্তব্য জানতে চাওয়া হলেও লেডেরার বা কোরটে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি। তবে কোরটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আজ আমাকে জানানো হয়েছে, আমি “অবাধ্যতা”র কারণে বরখাস্ত হচ্ছি। কারণ, আমি সিবিএসের এক প্রতিবেদককে বলেছিলাম, আমি স্টারস অ্যান্ড স্ট্রাইপসের জন্য কাজ করি; পেন্টাগনের জন্য নয়, প্রশাসনের জন্য নয় এবং কোনো নীতিনির্ধারকের জন্যও নয়।’
চলতি সপ্তাহের শুরুতে পত্রিকাটির দীর্ঘদিনের প্রকাশক লেডেরার আগামী মাসের শেষের দিকে অবসর নেওয়ার ঘোষণা দেন। এর কয়েক সপ্তাহ আগে তাঁর অজ্ঞাতসারে পেন্টাগন সংবাদপত্রটিতে তাঁর অধীন একজন নতুন উপপ্রকাশক নিয়োগ করে। বর্তমানে দায়িত্বে থাকা একজন সামরিক কর্মকর্তাও তিনি।
ন্যাশনাল প্রেসক্লাবের প্রেসিডেন্ট মার্ক শফ জুনিয়র স্লাভিনকে বরখাস্ত করার ঘটনাকে ‘পেন্টাগনের পক্ষ থেকে সামরিক বাহিনী নিয়ে সংবাদ পরিবেশনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরেকটি নির্লজ্জ চেষ্টা’ বলে আখ্যায়িত করেছেন।
গত বৃহস্পতিবার তিনজন ডেমোক্র্যাট সিনেটর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চিঠি দিয়ে জানতে চান, কেন নৌবাহিনীর ক্যাপ্টেন উইলিয়াম আরবানকে নতুন উপপ্রকাশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিন দশক ধরে স্টারস অ্যান্ড স্ট্রাইপসের সঙ্গে থাকা ও ২০০৭ সাল থেকে প্রকাশকের দায়িত্ব পালন করে চলা লেডেরারের অবসর এমন এক সময় হচ্ছে, যখন হেগসেথের নেতৃত্বাধীন পেন্টাগন সংবাদপত্রটির সম্পাদকীয় নীতিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
হেগসেথের মুখপাত্র শন পারনেল গত জানুয়ারিতে এক্সে লিখেছিলেন, ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপসকে আমাদের যোদ্ধাদের প্রয়োজন অনুযায়ী সাজানো হবে। পত্রিকাটিতে যুদ্ধ পরিচালনা, অস্ত্রব্যবস্থা, শারীরিক সক্ষমতা, প্রাণঘাতী সক্ষমতা, টিকে থাকার সক্ষমতা এবং সামরিক বাহিনী–সংক্রান্ত সব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। ওয়াশিংটনের গসিপ কলাম নতুন করে প্রকাশ করা হবে না; অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনও পুনর্মুদ্রণ করা হবে না।’
এটা স্পষ্ট হয়ে গেছে যে নেতৃত্ব সম্পর্কে আমার দর্শন এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপসের মূল্য ও লক্ষ্য সম্পর্কে আমার যে ধারণা, তা প্রতিরক্ষা বিভাগের নেতৃত্ব প্রতিষ্ঠানটির জন্য যে দিকনির্দেশনা ঠিক করেছে, তার সঙ্গে মৌলিকভাবে ভিন্ন।ম্যাক্স লেডেরার, স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রকাশক
গত এপ্রিল মাসে পেন্টাগন সংবাদপত্রটির ন্যায়পাল জ্যাকুলিন স্মিথকে বরখাস্ত করে। তাঁর দায়িত্ব ছিল সংবাদপত্রটির সম্পাদকীয় স্বাধীনতা সুরক্ষিত রাখা। লেডেরার ছিলেন এই পদে দায়িত্ব পালন করা দ্বিতীয় পূর্ণকালীন বেসামরিক ব্যক্তি।
চলতি সপ্তাহে কর্মীদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে প্রকাশক লেডেরার লেখেন, ‘এটা স্পষ্ট হয়ে গেছে যে নেতৃত্ব সম্পর্কে আমার দর্শন এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপসের মূল্য ও লক্ষ্য সম্পর্কে আমার যে ধারণা, তা প্রতিরক্ষা বিভাগের নেতৃত্ব প্রতিষ্ঠানটির জন্য যে দিকনির্দেশনা ঠিক করেছে, তার সঙ্গে মৌলিকভাবে ভিন্ন।’