প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অপরিচিত ব্যক্তি পরিশোধ করলেন খাবার বিল

পরিবার নিয়ে কোনো রেস্তোরাঁয় আপনি সকালের নাশতা সারলেন। বিলও হয়েছে বেশ ভালোই। বিল দিতে গিয়ে শুনলেন, আপনার বিল দেওয়া হয়ে গেছে। কিন্তু কে দিয়েছেন, আপনি জানতে পারলেন না। এমন দারুণ কোনো সময়ের মুখোমুখি হলে আপনার ভালো লাগারই কথা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে পোর্ট ওর্থে এমনই এক ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এসডব্লিউএনএসের এক খবরে বলা হয়, ড. জ্যাক জে ম্যাক স্লটার (৪১) নামের একজন চিকিৎসক তাঁর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ফোর্ট ওর্থ এলাকার মিমি ক্যাফ নামের একটি রেস্তোরাঁয় সকালের নাশতা করেন।

নাশতা সেরে স্লটার বিল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি রেস্তোরাঁর কর্মীকে বিল দিতে বললেন। তখন তাঁকে ওই কর্মী বললেন, আপনার বিল হয়েছে ৮৫ ডলার ২১ সেন্ট (১০ হাজার ৪০০ টাকা প্রায়)। তবে এই বিল ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে—এ কথা জানিয়ে রেস্তোরাঁকর্মী তাঁকে বিলের স্লিপ ধরিয়ে দেন।

অপরিচিত কোনো এক ব্যক্তি স্লটার ও তাঁর পরিবারের নাশতার বিল পরিশোধ করেছেন শুনে তাঁরা বেশ অবাক হন। স্লটার বিলের রসিদে হাতে লেখা একটি নোটও দেখতে পান। এতে লেখা রয়েছে, ‘দারুণ বাবা হওয়ায় আপনাকে ধন্যবাদ’।

বিলের রসিদ উল্টে ওই অপরিচিত ব্যক্তির আরেকটি নোট দেখতে পান স্লটার। সেখানে লেখা রয়েছে, ‘এক বাবার প্রতি আরেক বাবার বার্তা। তাদের যেমন বাবা দরকার, ঠিক তেমন বাবা হওয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার মতো আমাদের আরও বাবা দরকার। তাদের প্রতি আপনার এই ভালোবাসা আমাদের দেখার সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ।’

নোটের নিচে লেখা রয়েছে, ‘অবসরপ্রাপ্ত একজন সেনা চিকিৎসকের পক্ষ থেকে’।

ফোর্ট ওর্থের ওই চিকিৎসক বলেন, ‘ওই ব্যক্তির লেখা পড়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।’

স্লটার আরও বলেন, ‘মাত্র ৮৫ ডলারের বিল ছিল। এটা খুব বেশি কিছু নয়। তবে আমার কাছে এটি তার চেয়ে অনেক বেশি কিছু। এ ধরনের মহৎ কাজের শক্তি অনেক বেশি।’