
গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) বিল গেটস প্রয়াত অর্থদাতা ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে ‘নিজের কাজের দায় নিয়েছেন’। গতকাল মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই দাতব্য সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ফাউন্ডেশনের মুখপাত্র এ মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, সভায় গেটস স্বীকার করেছেন, তাঁর দুজন রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে এপস্টিন জানতে পারেন। তবে ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে ওই সভায় কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন গেটস।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) প্রকাশিত নথিতে দেখা গেছে, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা তাঁর দাতব্য কার্যক্রম প্রসারের বিষয়ে আলোচনার জন্য এপস্টিনের কারাদণ্ড হওয়ার পরও তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গেটস কর্মীদের বলেছেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানো এবং গেটস ফাউন্ডেশনের কর্মকর্তাদের সেই যৌন নিপীড়কের সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া ছিল এক ‘বিরাট ভুল’। সংবাদমাধ্যমটি গেটসের সেই সভার একটি রেকর্ডিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের মতে, গেটস বলেন, ‘আমার ভুলের কারণে অন্য যাঁরা এ বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাঁদের কাছে আমি ক্ষমা চাইছি।’
প্রতিবেদন অনুযায়ী, গেটস কর্মীদের বলেন, ‘আমি অবৈধ কিছু করিনি। আমি অবৈধ কিছু দেখিওনি।’
বিচার বিভাগের প্রকাশিত নথিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার এমন কিছু ছবিও ছিল, যেখানে তাঁকে কিছু নারীর সঙ্গে পোজ দিতে দেখা গেছে। অবশ্য ছবিতে সেই নারীদের মুখ ঝাপসা করে রাখা হয়েছিল। গেটস এর আগে বলেছিলেন, এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল দাতব্য কাজসংক্রান্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাঁর সঙ্গে দেখা করাটা ভুল ছিল।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, গেটস ফাউন্ডেশনের কর্মীদের বিল গেটস বলেন, ওই সব ছবি বৈঠকের পর এপস্টিনের অনুরোধে তাঁর সহকারীদের সঙ্গে তোলা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, গেটস কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি, আমি কখনো ভুক্তভোগী বা তাঁর (এপস্টিন) চারপাশের নারীদের সঙ্গে কোনো সময় কাটাইনি।’
গেটস ফাউন্ডেশনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গেটস কর্মীদের সঙ্গে পূর্বনির্ধারিত এক সভায় অংশ নিয়েছিলেন এবং এপস্টিন ফাইল প্রকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন।
মুখপাত্র বলেন, সভায় বিল অকপটে কথা বলেছেন, বেশ কিছু প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছেন এবং নিজের কাজের দায় নিয়েছেন।
মুখপাত্র আরও বলেন, ফাউন্ডেশনের বিবৃতিতে বিল গেটসের ওই সভার বক্তব্যকেই স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এ প্রতিবেদনের বিষয়ে এর বাইরে ফাউন্ডেশন আর কিছু বলবে না।
এ মাসের শুরুর দিকে গেটস ফাউন্ডেশন জানিয়েছিল, তারা এপস্টিনকে কোনো অর্থ দেয়নি বা তাঁকে কখনো নিয়োগ দেয়নি।
গত সপ্তাহে ভারতের ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ মূল বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা আগে বিল গেটস তাঁর অংশগ্রহণ বাতিল করেছিলেন।
২০০০ সালে বিল গেটস এবং তাঁর তৎকালীন স্ত্রীর প্রতিষ্ঠিত গেটস ফাউন্ডেশন বিশ্বের অন্যতম বৃহৎ বিশ্ব স্বাস্থ্যবিষয়ক অর্থায়নকারী প্রতিষ্ঠান।