জেফরি এপস্টিনের সঙ্গে গিলেন ম্যাক্সওয়েল
জেফরি এপস্টিনের সঙ্গে গিলেন ম্যাক্সওয়েল

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রশ্নের জবাব দিলেন না এপস্টিনের বান্ধবী, কী কারণ দেখালেন আইনজীবীরা

যৌন অপরাধী জেফরি এপস্টিনের একসময়ের বান্ধবী গিলেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রশ্নের জবাব দেননি। আজ সোমবার তাঁকে কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির করা হয়। আইনজীবীরা বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী নিজের দোষ স্বীকারে বাধ্য না হওয়ার যে অধিকার রয়েছে, তা প্রয়োগ করেছেন ম্যাক্সওয়েল।

যৌনসংক্রান্ত মানব পাচারে যুক্ত থাকার জন্য গিলেন ম্যাক্সওয়েল ২০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন। এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জবানবন্দির জন্য আজ তিনি হাউস ওভারসাইট কমিটির মুখোমুখি হন। সম্প্রতি এপস্টিন–সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশের পর নানা কেলেঙ্কারির তথ্য সামনে আসে। এতে নাম রয়েছে প্রভাবশালীদের অনেকের।

কংগ্রেসের রিপাবলিকান কমিটি চেয়ারম্যান জেমস কোমার বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী, সব নাগরিকের নিজের দোষ না স্বীকার করার অধিকার রয়েছে। প্রশ্নের জবাব না দেওয়ার ক্ষেত্রে ওই অধিকার প্রয়োগ করেছেন ম্যাক্সওয়েল। এটি খুবই হতাশাজনক। এপস্টিন ও ম্যাক্সওয়েল যেসব অপরাধ করেছেন, সে বিষয়ে অনেক প্রশ্নের উত্তর জানার প্রয়োজন ছিল।

কোমারের ভাষ্যমতে, ম্যাক্সওয়েলের আইনজীবীরা হাউস প্যানেলকে জানান যে তাঁদের মক্কেল তখনই জবানবন্দি দেবেন, যদি তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ক্ষমা করেন। এই স্বীকারোক্তি দেওয়ার বিনিময়ে ম্যাক্সওয়েলের আইনজীবীরা তাঁর দায়মুক্তির জন্য কংগ্রেসকে চাপ দিয়েছিলেন। তবে মার্কিন আইনপ্রণেতারা আইনজীবীদের দাবি প্রত্যাখ্যান করেন।

এপস্টিন–সংক্রান্ত অপরাধের জন্য গিলেন ম্যাক্সওয়েলই একমাত্র দোষী সাব্যস্ত ব্যক্তি। ৬৪ বছর বয়সী এই নারীকে ২০২১ সালে দোষী সাব্যস্ত করা হয়। বর্তমানে তিনি টেক্সাসে কারাবন্দী রয়েছেন। আদালতে তাঁর বিরুদ্ধে ধনী ব্যক্তিদের কাছে অপ্রাপ্তবয়স্ক মেয়ে সরবরাহের অভিযোগ প্রমাণিত হয়েছে। বিভিন্ন তারকা, শিক্ষাবিদ, রাজনীতিক ও প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।

বিচার চলাকালে নিউইয়র্কের একটি কারাগারে মৃত্যু হয় এপস্টিনের। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জবানবন্দির জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকেও তলব করেছে কংগ্রেস হাউস কমিটি। যদিও একসময় এপস্টিনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার পরও তাঁকে জবানবন্দির জন্য তলব করা হয়নি।