হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করছেন। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ১৩ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করছেন। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ১৩ অক্টোবর ২০২৬

বার পরীক্ষায় অকৃতকার্য হয়েও নিজেকে ‘অ্যাটর্নি’ পরিচয় দেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া ক্যালিফোর্নিয়ায় বার পরীক্ষায় পাস করতে পারেননি। এমনকি ‘অ্যাটর্নি’ পরিচয় ব্যবহার না করার পরামর্শ পাওয়ার কথাও তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন। এরপরও গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত ১৫টি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তাঁকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ট্রাম্পের নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এসব পোস্ট প্রকাশ করা হয়। এর মধ্যে ফক্স নিউজের শিরোনাম ও ওয়ান আমেরিকা নিউজের বিভিন্ন অনুষ্ঠানের পোস্ট ছিল। সেসব পোস্টে জাকারাইয়াকে ‘অ্যাটর্নি’ বলা হয়েছিল এবং তিনি সেগুলো নিজের অনুসারীদের কাছে বারবার শেয়ার করেন।

এসব পোস্টের অন্তত একটি পরে মুছে ফেলা হয়েছে। তবে সিএনএনের পর্যালোচনা করা পোস্টে দেখা যায়, দুই প্ল্যাটফর্মেই জাকারাইয়া এ পরিচয়সংবলিত আধেয় (কনটেন্ট) ছড়িয়ে দিয়েছেন। সাক্ষাৎকারের লিখিত প্রতিলিপি পর্যালোচনা করে সিএনএন আরও দেখেছে, টেলিভিশন ও পডকাস্টে তিনি নিজেকেও একাধিকবার আইনজীবী বলেছেন।

এ সবকিছুর কারণে ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির কারুসো স্কুল অব ল থেকে স্নাতক হওয়ার পর জাকারাইয়া নিজের আইনি যোগ্যতা জনসমক্ষে কীভাবে তুলে ধরেছেন, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বার পরীক্ষায় পাস করেননি

জাকারাইয়ার চিন্তাভাবনা সম্পর্কে জানেন, এমন একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১১ সালে তিনি বার পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয়েছিলেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও জাকারাইয়া এ কথা স্বীকার করেন। তিনি জানান, প্রথমবার অকৃতকার্য হওয়ার পর তিনি দ্বিতীয়বার আর পরীক্ষা দেননি।

নিউইয়র্ক টাইমস ও রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া সাক্ষাৎকারে জাকারাইয়া বলেন, টেলিভিশনে যাওয়ার আগে নিজের পেশাগত পরিচয় কীভাবে দেওয়া উচিত, সে বিষয়ে তিনি পেপারডাইন ইউনিভার্সিটির প্রেসিডেন্টসহ কয়েকজনের পরামর্শ নিয়েছিলেন।

জাকারাইয়ার ভাষ্য অনুযায়ী, তাঁকে বলা হয়েছিল তিনি নিজেকে ‘আইনজীবী’ বলতে পারেন। তবে ‘অ্যাটর্নি’ বা ‘এসকোয়ার’ পরিচয় ব্যবহার করা উচিত নয়।

জাকারাইয়ার চিন্তাভাবনা সম্পর্কে জানেন, এমন একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১১ সালে তিনি বার পরীক্ষায় ফেল করেছিলেন।

জাকারাইয়ার ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অ্যাটর্নি’ পরিচয়সহ পোস্ট শেয়ার করার অর্থ এমন নয় যে ওই পরিচয়কে সমর্থন করা।

বৃহস্পতিবার রাতে ফক্স নিউজকে জাকারাইয়া বলেন, ‘আমার মনে হয় সেগুলো ছিল রিটুইট। আমি বিষয়টি পরিষ্কার করে বলেছি, ওই পরিচয়কে সমর্থন করার জন্য সেগুলো দেওয়া হয়নি। অন্যরা আমাকে যে পরিচয় দিয়েছিল, সেগুলো ছিল তারই রিটুইট।’

‘আমি একজন আইনজীবী’

রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া সাক্ষাৎকারে জাকারাইয়া বলেন, নিজেকে ‘আইনজীবী’ হিসেবে পরিচয় দেওয়ার বিষয়ে তিনি পরামর্শ নিয়েছিলেন। তাঁর আইনের ডিগ্রিও এ পরিচয় ব্যবহারের পক্ষে ছিল বলে দাবি করেন তিনি।

জাকারাইয়া বলেন, ‘তাঁরা সবাই বলেছেন, অবশ্যই আপনি নিজেকে আইনজীবী বলতে পারেন। আপনার জেডি (জুরিস ডক্টর, যুক্তরাষ্ট্রে আইনের পেশাগত ডিগ্রি) আছে। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন–বিষয়ক আইনে কাজের অভিজ্ঞতাও আছে। এর ফলে বিষয়–বিশ্লেষণ করার সক্ষমতা আপনার আছে, যদিও তার মানে এই নয়, আপনি আইনগত পরামর্শ দিতে পারবেন।’

ক্যালিফোর্নিয়ায় আইন পেশা পরিচালনা করতে হলে বার পরীক্ষায় পাস করতে হয়। আইনজীবী হওয়ার ভান করাও সেখানে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

ক্যালিফোর্নিয়ার স্টেট বার সিএনএনকে জানিয়েছে, জাকারাইয়া কখনো সেখানে আইন পেশা পরিচালনার লাইসেন্স পেয়েছেন—এমন কোনো রেকর্ড তাদের কাছে নেই। গোপনীয়তার নিয়মের কারণে তিনি বার পরীক্ষা দিয়েছিলেন কি না, সে বিষয়ে তারা মন্তব্য করেনি।

রিয়েল আমেরিকাস ভয়েসকে জাকারাইয়া বলেন, সত্য হলো আমি এ বিষয়টি খুব সতর্কভাবে সামলেছি। আমি কখনো নিজেকে ‘অ্যাটর্নি অ্যাট ল’ হিসেবে উপস্থাপন করিনি।

‘অ্যাটর্নি’ লেখা পোস্ট বারবার শেয়ার

কিন্তু যে অঙ্গরাজ্যে জাকারাইয়া কাজ করতেন, সেখানে বার পরীক্ষায় পাস না করেও তিনি বারবার এমন খবর ও পোস্ট শেয়ার করেছেন, যেখানে তাঁকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৬ এপ্রিল জাকারাইয়া এক্সে ফক্স নিউজের একটি শিরোনাম শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘শুধু ডেমোক্র্যাটরাই যুক্তরাষ্ট্রের নির্বাচনে নাগরিকত্বের প্রমাণ চান না, বলছেন অ্যাটর্নি।’ পোস্টটি পরে মুছে ফেলা হয়েছে।

একই দিনে ট্রুথ সোশ্যালে একই শিরোনাম ছয়বার শেয়ার করেন জাকারাইয়া। ১৪ মে আবারও সেটি শেয়ার করেন।

২০২৫ সালের ২৩ আগস্ট ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সমালোচনা করা ফক্স নিউজের আরেকটি প্রতিবেদন শেয়ার করেন জাকারাইয়া। সেখানেও তাঁকে অ্যাটর্নি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

বার পরীক্ষার ফল নিয়ে আমি আসলে খুব একটা ভাবিনি। এটাকে এমন কিছু বলেও মনে করিনি, যার দিকে আমার মনোযোগ দেওয়া দরকার।
কেটি জাকারাইয়া, প্রেস সেক্রেটারি, হোয়াইট হাউস

ওয়ান আমেরিকা নিউজের এমন ছয়টি পোস্টও জাকারাইয়া আবার শেয়ার করেন, যেখানে তাঁর নামের আগে ‘অ্যাটর্নি’ লেখা ছিল। এর মধ্যে ২০২৬ সালের ১৪ মে একটি, ৪ জুন দুটি, ১৭ জুন একটি এবং ১১ সেপ্টেম্বর দুটি পোস্ট শেয়ার করা হয়।

অক্টোবরের শুরুতে ‘দ্য গ্রেগ কেলি শো’–তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি মনোনয়ন অনুমোদনের প্রক্রিয়া নিয়ে কথা বলার সময় জাকারাইয়া বলেন, ‘আমি একজন আইনজীবী।’

চীনে আইনি খাতে কাজ

২০২৩ সালের অক্টোবরে একটি খ্রিষ্টধর্মবিষয়ক পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে জাকারাইয়া বলেছিলেন, পেপারডাইনের আইন স্কুলে পড়ার পর তিনি বেইজিংয়ে চলে যান। সেখানে প্রায় দুই থেকে আড়াই বছর আইনি খাতে কাজ করেন।

রিয়েল আমেরিকাস ভয়েসকে জাকারাইয়া বলেন, স্বামীর সঙ্গে থাকতে বেইজিংয়ে চলে যাওয়ার সময় বার পরীক্ষার ফলকে তিনি আর গুরুত্বপূর্ণ মনে করেননি।

জাকারাইয়া বলেন, ‘বার পরীক্ষার ফল নিয়ে আমি আসলে খুব একটা ভাবিনি। এটাকে এমন কিছু বলেও মনে করিনি, যার দিকে আমার মনোযোগ দেওয়া দরকার।’

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি বলেন, তিনি চিনের ঝং লুন ল ফার্মের ‘ইন্টারন্যাশনাল প্র্যাকটিস ডিভিশনে’ কাজ করতেন। সেখানে একজন জ্যেষ্ঠ অংশীদারের অধীনে চারজন সহযোগীর একজন ছিলেন তিনি। কয়েক মিলিয়ন ডলারের শেয়ারহোল্ডার চুক্তি নিয়ে তাঁরা কাজ করতেন।

জাকারাইয়া বলেন, ‘ওই কাজ করার জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা আমার ছিল।’

চীনের আইন অনুযায়ী, বিদেশিরা দেশটির বার পরীক্ষায় অংশ নিতে পারেন না। ফলে তাঁরা লাইসেন্সধারী আইনজীবী হিসেবে কাজ করতে বা আদালতের মামলায় অংশ নিতে পারেন না।

প্রশ্নের মুখে জাকারাইয়া

এ সপ্তাহে জাকারাইয়ার যোগ্যতা নিয়ে প্রশ্নটি আরও প্রকাশ্যে আসে। অনুসন্ধানী নিউজলেটার পপুলার ইনফরমেশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, তিনি কখনো বার পরীক্ষা দিয়েছেন কি না, সেটিই স্পষ্ট নয়।

এরপর সাংবাদিকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চান, তাঁর নতুন প্রেস সেক্রেটারি কোন অঙ্গরাজ্যে বার পরীক্ষায় পাস করেছেন?

ট্রাম্প সংবাদ সম্মেলনে পাশে থাকা জাকারাইয়াকে প্রশ্ন করলে তিনি জবাব দেন, ‘আমি যখন চীনে চলে যাই।’

ক্যালিফোর্নিয়ার স্টেট বার সিএনএনকে জানিয়েছে, জাকারাইয়া কখনো সেখানে আইন পেশা পরিচালনার লাইসেন্স পেয়েছেন—এমন কোনো রেকর্ড তাদের কাছে নেই।

পরে নিউইয়র্ক টাইমসকে জাকারাইয়া বলেন, মেরিন ওয়ান হেলিকপ্টারের শব্দের কারণে তিনি প্রশ্নটি ভুল শুনেছিলেন। তাঁর ধারণা হয়েছিল, তাঁকে জিজ্ঞেস করা হয়েছে, আইন স্কুল শেষ করার পর তিনি কোথায় গিয়েছিলেন।

জাকারাইয়া বলেন, ‘আমি ধরে নিয়েছিলাম প্রশ্নটি ছিল, আইন স্কুলের পর আপনি কোথায় ছিলেন?’

তদন্ত চেয়েছে নজরদারি সংস্থা

ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি নামের একটি নজরদারি সংস্থা ক্যালিফোর্নিয়ার স্টেট বারকে জাকারাইয়ার বিষয়ে তদন্ত করার অনুরোধ জানিয়েছে। তিনি তাঁর আইনি যোগ্যতা ভুলভাবে তুলে ধরেছিলেন কি না, তা খতিয়ে দেখতে বলেছে সংস্থাটি।

হোয়াইট হাউস অবশ্য জাকারাইয়ার পক্ষ নিয়েছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন জনগণকে ট্রাম্প ও তাঁর প্রশাসনের ‘সব ভালো কাজ’ সম্পর্কে জানাতে জাকারাইয়া ‘বিশেষভাবে যোগ্য এবং অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন’।