যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটায় স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল ম্যাচ চলাকালে মাঠে ট্রাক ঢুকে পড়ার পর দুর্ঘটনাস্থলে পুলিশের তল্লাশি
যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটায় স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল ম্যাচ চলাকালে মাঠে ট্রাক ঢুকে পড়ার পর দুর্ঘটনাস্থলে পুলিশের তল্লাশি

কানসাসে শিশুদের ফুটবল খেলা চলার মধ্যেই মাঠে ঢুকে পড়ল ট্রাক, পিষ্ট হয়ে নিহত ২

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে শিশু-কিশোরদের একটি ফুটবল ম্যাচ চলাকালে মাঠের ভেতর ট্রাক ঢুকিয়ে দিয়েছেন এক নারী। ট্রাকে পিষ্ট হয়ে এক শিশু ও প্রাপ্তবয়স্ক এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত আরও ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস বলেন, এ ঘটনায় ৬ বছর বয়সী এক শিশু ও ৩৫ বছর বয়সী একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের বয়স ৫ থেকে ৬৮ বছর।

পুলিশ জানিয়েছে, ৩৪ বছর বয়সী ওই ট্রাকচালক নারীকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটি কোনো পরিকল্পিত হামলা কি না, তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

ক্যাপ্টেন মোজেস বলেন, ‘ঘটনাটি কীভাবে ও কেন ঘটল, তা উদ্‌ঘাটন করতে আমরা কাজ করছি।’ দুর্ঘটনার সময় ওই ট্রাকের ভেতরেও দুটি শিশু ছিল।

উইচিটার পুলিশ প্রধান জো সালিভান বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল আসার আগেই উপস্থিত লোকেরা ট্রাকচালককে নিবৃত্ত ও আহত ব্যক্তিদের সহায়তা করতে এগিয়ে আসেন। মানুষ যেভাবে তাৎক্ষণিকভাবে জীবন বাঁচানোর চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে, তা সত্যিই অসাধারণ। এটি উইচিটাবাসীর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। নতুন কোনো হুমকি নেই।

এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে আখ্যা দিয়েছেন উইচিটার মেয়র লিলি উ। তদন্ত চলাকালে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় মেয়র বলেন, ‘ভুক্তভোগী সবার, বিশেষ করে ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল।’