
ফার্স্ট লেডি হিসেবে নিজের দ্বিতীয় অভিষেকের পোশাক যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান জাদুঘরে দান করেছেন মেলানিয়া ট্রাম্প। সেখানকার প্রদর্শনীতে নিজের গাউনটি দেখে উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি। ২০১৭ সালের পর এটি তাঁর দান করা দ্বিতীয় অভিষেক গাউন, যা জাদুঘরটির ‘ফার্স্ট লেডিস কালেকশনে’ যুক্ত হয়েছে।
গতকাল শুক্রবার মেলানিয়া ট্রাম্প ফার্স্ট লেডিদের দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে পোশাকটি হস্তান্তর করেন।
২০২৫ সালের ২০ জানুয়ারি অভিষেকের রাতে মেলানিয়া এই স্লিভলেস সাদা ও কালো পাড়ের গাউন এবং হ্যারি উইনস্টন ডায়মন্ড ব্রোচের প্রতিকৃতি খচিত একটি কালো নেকপিস পরেছিলেন। হস্তান্তরের সময় মঞ্চে একটি ম্যানিকুইনের ওপর পোশাকটি প্রদর্শিত হয়।
পোশাকটির তাৎপর্য এবং ফ্যাশন ডিজাইনের প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে মেলানিয়া বলেন, এটি পোশাকের চেয়েও বেশি কিছু। তিনি বলেন, ‘প্রতিটি সুতা, প্রতিটি সেলাই আর প্রতিটি তীক্ষ্ণ ভাঁজে ৫০ বছরেরও বেশি সময়ের শিক্ষা, অভিজ্ঞতা এবং প্রজ্ঞা ফুটে উঠেছে।’
মেলানিয়া বলেন, ‘সামনের অংশে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা কালো রঙের ইংরেজি বর্ণ “জেড” আমার জীবনের শুরুর দিকের কয়েক দশকের স্মৃতি, অভিজ্ঞতা এবং নানা প্রভাবকে ফুটিয়ে তোলে। আর এসব গল্প চিরকালের জন্য এর প্রতিটি জমকালো ও সুনিপুণ ভাঁজে লুকিয়ে আছে।’
মেলানিয়ার মতে, ফ্যাশন ডিজাইন হলো সৃজনশীল অভিব্যক্তির আরেকটি রূপ এবং এই গাউনের সাদা ও কালো রং ‘আবেগঘন এক পরিবেশ’ তৈরি করে। তিনি পোশাকটিকে আধুনিক, বলিষ্ঠ, মর্যাদাপূর্ণ এবং অত্যন্ত মার্জিত হিসেবে বর্ণনা করেন।
অনুষ্ঠান শেষে ম্যানিকুইনটি ফার্স্ট লেডিদের প্রদর্শনী কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকেই দুই ডজনের বেশি গাউন সংরক্ষিত রয়েছে। মেলানিয়া ট্রাম্প ও এই গাউনের ডিজাইনার হার্ভে পিয়েরে কাচের ঘেরা বাক্সে রাখা পোশাকটি দেখতে যান।
প্রদর্শনীতে নিজের পোশাকটি দেখে কেমন লাগছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেলানিয়া বলেন, ‘এটি অবিশ্বাস্য। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’