নারীদের মধ্যে বিশ্বে সবচেয়ে লম্বা দাড়ি তাঁর

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এরিন হানিকাটের দাড়ির মাপজোখ চলছে
ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ভিডিও থেকে নেওয়া

ছেলেদের দাড়ি গজানো একটি স্বাভাবিক বিষয়। তবে নারীদের মধ্যেও কখনো-সখনো কারও দাড়ি গজালেও সেটা পরিমাণে খুব বেশি নয়। থুতনির নিচে দু-একটি দাড়ি দেখা যায়। এতে বেশির ভাগ নারীই বিব্রত হন। কেউ যাতে বুঝতে না পারে, সে জন্য দাড়ি কামিয়ে ফেলেন। আবার কেউ কেউ অতটা গা করেন না। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এরিন হানিকাটও শুরুতে দিনে তিনবার দাড়ি কামাতেন। পরে খান্ত দেন। সেই দাড়ি নিয়ে এখন তিনি গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।  

গত বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গিনেস কর্মকর্তারা জানান, ৩৮ বছর বয়সী এরিন ১১ দশমিক ৮ ইঞ্চি লম্বা দাড়ি রেখেছেন। মূলত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটি রোগের কারণেই এরিনের দাড়ি এত বড়। এই রোগের কারণে হরমোনে ভারসাম্যহীনতা দেখা দেয়। এর ফলে শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এর একটি হচ্ছে চুল বৃদ্ধি। এরিনের ক্ষেত্রে পরের কারণটি বেশ সক্রিয় ছিল। আর এটি তাঁকে দিয়েছে বিশ্বে নারীদের মধ্যে সবচেয়ে লম্বা দাড়ির অধিকারী হওয়ার খেতাব।

ছোট্ট বেলায় এরিন হানিকাট

গিনেসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরিনের বয়স যখন ১৩ বছর, তখন তার থুতনিতে দাড়ি গজাতে থাকে। এর পর থেকে তিনি দাড়ি কামানো, হেয়ার রিমুভালসহ নানা কিছু করতে শুরু করেন। এরিন গিনেস কর্তৃপক্ষকে বলেন, সম্ভবত তিনি দিনে তিনবার দাড়ি কামাতেন।

এই সংস্থার অধীনে এখন ৪০ হাজারের বেশি ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য রয়েছে।
এরিন কৈশোরে এবং বড় হওয়ার পরও এভাবেই চলছিলেন। একপর্যায়ে তাঁর দৃষ্টিশক্তি কমে যায় এবং ‘দাড়ি কামাতে কামাতে ক্লান্ত’ বোধ করতে শুরু করেছিলেন। পরে তাঁর জীবনসঙ্গীর পরামর্শে তিনি দাড়ি রাখা শুরু করেন।

গিনেসের ওয়েবসাইটে বলা হয়, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি এরিন মিশিগানের ৭৫ বছর বয়সী ভিভিয়ান হুইলারের কাছ থেকে এই রেকর্ড ছিনিয়ে নেন। তাঁর দাড়ির দৈর্ঘ্য ছিল ১০ দশমিক শূন্য ৪ ইঞ্চি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ হাতে এরিন হানিকাট

এরিন শুধু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রেমে আক্রান্ত, এমনটা নয়। একবার পায়ের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে তাঁর একটি পায়ের নিচের অংশ কেটে ফেলতে হয়েছে। এ ছাড়া উচ্চ রক্তচাপের কারণ তাঁর চোখে সমস্যা হয়েছিল। ফলে তাঁর দৃষ্টিশক্তি অনেক কমে যায়।

এরিন বলেন, লম্বা দাড়ি তাঁর জীবনে মিশ্র আশীর্বাদ হয়ে এসেছে। একসময় এই দাড়ির জন্য লজ্জা বোধ করলেও এখন সেই দাড়ি নিয়ে বিশ্ব রেকর্ড গড়ায় বেশ তৃপ্তি পাচ্ছেন। ‘আমি কখনোই ভাবিনি, এমন কিছু করতে পারব, যা আমাকে একটি বইয়ে স্থান করে দেবে। এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ এক ব্যাপার।’