ইতিহাসের এই দিনে: নৌকাবাইচের প্রথম আন্তর্জাতিক আসর

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৭ আগস্ট। চলুন দেখি বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

নৌকাবাইচ
ফাইল ছবি: রয়টার্স

সময়টা ১৮৬৯ সালের ২৭ আগস্ট। যুক্তরাজ্যের লন্ডনের টেমস নদীর পাড়ে জমায়েত হন শত শত মানুষ। নদীতে কয়েকটি নৌকা তুমুল প্রতিযোগিতায় নামে। কেননা, ওই দিন টেমসের জলে নৌকাবাইচের আসর বসেছিল। বিশ্বে নৌকাবাইচের প্রথম আন্তর্জাতিক আসর ছিল এটি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দলকে হারিয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দল এতে শিরোপা জিতে নেয়। ওই সময় সংবাদমাধ্যমে সাড়া ফেলেছিল নৌকাবাইচের আন্তর্জাতিক এই আয়োজন।

চীন-রাশিয়ার চুক্তি সই

চীন ও রাশিয়ার মধ্যে ১৬৮৯ সালের ২৭ আগস্ট ঐতিহাসিক একটি চুক্তি সই হয়। এর নাম নারচিনস্ক চুক্তি। এই চুক্তির আওতায় পণ্য বিনিময়ে বাণিজ্যের পথ উন্মুক্ত করতে সম্মত হয় চীন ও রাশিয়া।

আধুনিক চেইন আবিষ্কার

পোশাক, জুতা, ব্যাগে সহজে ব্যবহারের এ জিপ অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে

সুইডিশ-আমেরিকান প্রকৌশলী গিদেওন সান্দব্যাক ১৯১৪ সালের এ দিনে নতুন একটি জিনিসের পেটেন্ট চেয়ে আবেদন করেন। এটা ছিল জিপ বা আধুনিক চেইন। বিশ্বজুড়ে পোশাক, জুতা, ব্যাগে সহজে ব্যবহারের এই জিপ অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে।

অগ্ন্যুৎপাতে ৩৬ হাজার মৃত্যু

ইন্দোনেশিয়ার ছোট একটি দ্বীপ ক্রাকাতোয়া। এখানে রয়েছে ভয়ংকর একটি আগ্নেয়গিরি। ১৮৮৩ সালের ২৭ আগস্ট এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ইতিহাসে অন্যতম ভয়াবহ এই অগ্ন্যুৎপাতে প্রাণ যায় প্রায় ৩৬ হাজার মানুষের। এর জেরে সাগরে সুনামি হয়।