হরদীপ সিং হত্যা

ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতার কথা ট্রুডোকে জানিয়েছিল ‘পঞ্চনেত্র’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
ফাইল ছবি: রয়টার্স

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় এজেন্টদের সম্ভাব্য সংশ্লিষ্টতা তথ্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জেনেছিলেন ‘পঞ্চনেত্র’ বা ‘ফাইভ আইস’ নামের একটি নেটওয়ার্ক থেকে। কানাডায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড কোহেন এ  তথ্য নিশ্চিত করেছেন।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিটিভি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পঞ্চনেত্র নেটওয়ার্কের সদস্যদেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সদস্যদেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে থাকে এই নেটওয়ার্ক।

গত সোমবার জাস্টিন ট্রুডো বলেছিলেন, খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিংয়ের হত্যার পেছনে ভারতীয় এজেন্টদের হাত থাকার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে অটোয়ার হাতে। ট্রুডোর এ মন্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দিয়েছে তারা।

এরই মধ্যে সিটিভি নিউজের সঙ্গে আলাপচারিতায় ডেভিড কোহেন বলেছেন, হরদীপ সিং হত্যায় ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি (পঞ্চনেত্র নেটওয়ার্কের) গোয়েন্দা তথ্য আদান-প্রদান থেকে উঠে এসেছে। এ নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুবার যোগাযোগ হয়েছে।

সিটিভি নিউজের সঙ্গে কোহেনের ওই আলাপচারিতা রোববার সম্প্রচার করা হবে। এদিকে গত মঙ্গলবার কানাডার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরদীপ হত্যা নিয়ে কয়েক মাস ধরে চলা তদন্তের সময় সংশ্লিষ্ট লোকজন ও ইলেকট্রনিক—দুই ধরনের সূত্র থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছে কানাডা সরকার।

এদিকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়টি ভারত খারিজ করলেও, এ নিয়ে তদন্তে দেশটি কানাডা সরকারের সঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘এই তদন্তে কানাডার সঙ্গে ভারতের কাজ করাটা গুরুত্বপূর্ণ। আমরা জবাবদিহি দেখতে চাই।’