সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে বড় খবর ছিল ‘চামড়া সব ছিঁড়ে ফেলব, মাইজভান্ডারীর গায়ে হাত: দুদককে সংসদ সদস্য নজিবুল’-সংক্রান্ত খবর। এ ছাড়া আছে অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।

তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ৫টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

১

চামড়া সব ছিঁড়ে ফেলব, মাইজভান্ডারীর গায়ে হাত: দুদককে সংসদ সদস্য নজিবুল

সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এই সংসদ সদস্য বলেছেন, ‘দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে চেনে নাই। যা–তা কমেন্ট করছেন সহকারী পরিচালক। চামড়া সব ছিঁড়ে ফেলব। মাইজভান্ডারীর গায়ে হাত!’

গত সোমবার রাতে মাইজভান্ডারী শাহি ময়দানে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৪তম খোশরোজ শরিফ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তরিকত ফেডারেশনের নেতা নজিবুল বশর মাইজভান্ডারী এ হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।


বিস্তারিত পড়ুন:

২

ফুলপরীকে ছাত্রলীগ নেত্রী বললেন, ‘তোমার হাতে–পায়ে ধরে মাফ চাই’

অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী। তদন্ত কমিটির সঙ্গে কথা বলে তিনি দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন
ছবি: প্রথম আলো

‘ফুলপরী, আমার সাথে এ রকম কোরো না। তোমার হাতে-পায়ে ধরে মাফ চাই।’ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নির্যাতনের শিকার প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী এসব কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সঙ্গে কথা বলে বের হওয়ার সময় ফুলপরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তবে ফুলপরীর এই বক্তব্যের বিষয়ে অভিযুক্ত সানজিদা চৌধুরী কোনো কথা বলেননি। তদন্ত কমিটির সঙ্গে কথা বলে তিনি দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন। তদন্ত কমিটির কোনো সদস্যও এ বিষয়ে কথা বলেননি।
বিস্তারিত পড়ুন:

৩

ইডেন মহিলা কলেজের ছাত্রীনিবাসে আবারও ছাত্রী নির্যাতন

ইডেন মহিলা কলেজ
ফাইল ছবি

রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রীনিবাসে আবারও ছাত্রী নির্যাতনের ঘটনা ঘটেছে। কক্ষে আসন দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে কলেজ শাখা ছাত্রলীগের এক সহসভাপতি এক সাধারণ ছাত্রীকে মারধর করেছেন। নির্যাতনের এ ঘটনা দেখে এগিয়ে গেলে অন্য ছাত্রীদেরও নানা হুমকি-ধমকি দেন ছাত্রলীগের ওই নেত্রী।

গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসে মারধরের এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ফুটেজ আছে।
বিস্তারিত পড়ুন:

৪

কেউ নাটক প্রতি ৫০ হাজার, কেউ নিচ্ছেন লাখ টাকা– দেখে নিন কার কত পারিশ্রমিক

অভিনেতা নিলয় আলমগীর এখন নিয়মিত নাটক নিয়ে ব্যস্ত। তাঁর নাটকগুলোর চাহিদা রয়েছে। গত বছর প্রতি নাটকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন। এ বছর তিনি আরও ২০ হাজার টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন।
ছবি: সংগৃহীত

প্রায়ই শোনা যায়, তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই চলছে। যে যাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন। তবে প্রযোজক ও পরিচালকেরা পারিশ্রমিক বেশির কথা বললেও তারকারা বলছেন ভিন্ন কথা। তাঁদের বক্তব্য, মানসম্মত নাটকের দিকেই এখন তাঁদের মনোযোগ বেশি। তাই কাজের সংখ্যা কমিয়ে কাজের মান বাড়ানোর চেষ্টা করছেন তাঁরা। আর এ কারণেই পারিশ্রমিকের অঙ্কটা বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া কেউ কেউ বলছেন, যাঁর যেমন চাহিদা ও নাটকের ভিউ, তাঁর পারিশ্রমিক তেমন। পরিচালক ও প্রযোজক সূত্রে জেনে নেওয়া যাক, কার কত পারিশ্রমিক।
বিস্তারিত পড়ুন:

৫

পুতিনের বক্তব্যে কি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেড়ে গেল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
ফাইল ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছেন। গতকাল মঙ্গলবারের ভাষণে তিনি পরিষ্কার করে দিয়েছেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বিষয়ে তিনি তাঁর কৌশল বদলাবেন না। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য তিনি পশ্চিমাদের দায়ী করলেন।
অবশ্য পুতিন জোর দিয়ে বলেছেন, রাশিয়া পারমাণবিক চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করছে না। তাঁর ভাষণের কয়েক ঘণ্টা পর রুশ পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন, পররমাণবিক চুক্তির প্রতি তাঁরা শ্রদ্ধাশীল। এর আগে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে তাঁরা তথ্য বিনিময় অব্যাহত রাখবেন।

বিস্তারিত পড়ুন: