সেতু নির্মাণের নামে নদীর ক্ষতি করলে শাস্তি দিতে হবে

‘নদীর দুঃখ সেতু’ নিয়ে প্রথম আলোর বিশেষ আয়োজন। ১৭ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের নদীগুলোতে যেসব সেতু নির্মাণ করা হয়েছে, তার অধিকাংশই নদীর প্রস্থের চেয়ে ছোট। প্রস্থের চেয়ে সেতুর দৈর্ঘ্য কম হলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। কখনো কখনো তা নদীর মৃত্যুরও কারণ হয়ে ওঠে। এ রকম সেতুর কারণে কত নদীর সর্বনাশ হয়েছে, তা সরেজমিনে দেখেছি।

১৬ নভেম্বর প্রথম আলোয় ‘নদীর দুঃখ সেতু’ শিরোনামে চার পৃষ্ঠার বিশেষ আয়োজন প্রকাশিত হয়। এই প্রতিবেদনগুলোতেও ছোট সেতুতে নদীর সর্বনাশের চিত্র আমরা দেখেছি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), পৌরসভা বা সিটি করপোরেশন এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সাধারণত নদীর ওপরে সেতু বা অবকাঠামো নির্মাণ করে থাকে। নদীর সর্বনাশ করায় এসব দপ্তরের ভূমিকা কী, তা দেখা যাক—

আরও পড়ুন

পাউবোর ভূমিকা

পাউবো খননের প্রয়োজনে সেতু নির্মাণ ছাড়াও পানি নিয়ন্ত্রণ হয়—এমন অবকাঠামো নির্মাণ করে। অনেক অবকাঠামো এমনভাবে নির্মিত হয়েছে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পাউবো যে স্লুইসগেটগুলো নির্মাণ করে, এগুলো সেতুরও কাজ করে। ক্ষেত্রবিশেষে এগুলো যে কত অপরিণামদর্শী অবকাঠামো, তা মাঠপর্যায়ে দেখেছি।

যেমন করতোয়া নদীর উজানে ৩৬টি নদীর পানি বয়ে আনলেও বগুড়ায় পানির অভাবে করতোয়া মরছে। কারণ, বগুড়া জেলার উজানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে খুলসি নামক স্থানে ৩০০ ফুট নদীতে মাত্র ৮-১০ ফুটের একটি স্লুইসগেট করা হয়েছে। সে কারণে ভাটিতে করতোয়া নদী অনেক স্থানে নিশ্চিহ্ন হয়েছে।

রাজশাহীর চারঘাট উপজেলায় প্রায় ৫০০ ফুট প্রস্থের নদীতে ৩০ ফুট স্লুইসগেট দেওয়ায় বড়াল নদ মরতে বসেছে। যশোর জেলার ভবদহ সংকটও কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। সেখানে কোনো কোনো নদী মেরে ফেলা হয়েছে।

নদী মেরে ফেলার হাতিয়ার হিসেবে প্রথমে ব্যবহার করা হয়েছে ছোট স্লুইসগেট এবং প্রস্থের চেয়ে ছোট সেতু। ভবদহের কপালিয়া বাজারের পাশে হরি নদে একটি সেতু দেখেছি, যা নদীর প্রস্থের প্রায় অর্ধেক।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গড়াই নদের উপনদী বাটিখাল নদীতে পাউবো অনেক ছোট করে স্লুইসগেট নির্মাণ করেছে। স্লুইসগেটের দৈর্ঘ্যকে নদীর প্রস্থ ধরে নিয়ে অবৈধ দখল শুরু হয়েছে। এ রকম অসংখ্য সেতু তথা স্লুইসগেট পাউবো করেছে, যার মাধ্যমে নদীর চরম সর্বনাশ হয়েছে।

আরও পড়ুন

এলজিইডির ভূমিকা

এলজিইডি যেসব সেতু নির্মাণ করেছে, সেগুলো নদীর প্রকৃত প্রস্থের চেয়ে অনেক ছোট। সারা দেশে এ রকম সেতুর অভাব নেই। হাজার হাজার সেতু পাওয়া যাবে, যেগুলোর মাধ্যমে নদীর চরম সর্বনাশ করা হয়েছে।

তিস্তা নদীতে এলজিইডি দুটি সেতু নির্মাণ করেছে। প্রথম সেতুটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর নামক স্থানে। এই নদীর প্রস্থের তুলনায় অনেক ছোট সেতু করা হয়েছে। সংযোগ সড়ক করতে হয়েছে নদী ছোট করে। সংযোগ সড়ক ভারী যানবাহনের চাপ নিতে পারছে না। নদী সংকুচিত করার কারণে স্বাভাবিক পানিপ্রবাহ ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদীর কোথাও তলদেশ দ্রুত ভরাট হচ্ছে, কোথাও ভাঙন বাড়ছে।

এলজিইডি তিস্তায় আরেকটি সেতু করেছে কুড়িগ্রামের চিলমারীর হরিপুরে। এই সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪৯০ মিটার। নদীর প্রস্থ সেতুর চেয়ে দ্বিগুণের বেশি। এলজিইডি সর্বোচ্চ দেড় কিলোমিটারের সেতু নির্মাণ করতে পারে। এর চেয়ে সেতু বড় হলে তা সরকারের সেতু কর্তৃপক্ষের করার কথা। যদি সেতু কর্তৃপক্ষ এখানে সেতু নির্মাণ করত, তাহলে নদীর স্বার্থ বজায় রেখে সেতু করা যেত। তা না করে এলজিইডি সেতু করায় প্রয়োজনের তুলনায় অনেক ছোট সেতু নির্মাণ করা হয়েছে। নদীর কী ক্ষতি হলো, নদীনির্ভর জীববৈচিত্র্যের কতটা সর্বনাশ হলো, পরিবেশের ওপর এর দীর্ঘমেয়াদি কী প্রভাব পড়তে পারে, তা আমলে নেওয়া হয়নি।

আরও পড়ুন

পিআইওর ভূমিকা

প্রতি উপজেলায় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিস (পিআইও) আছে। এটি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন। স্থানীয় লোকজনসহ রাজনৈতিক নেতাদের অনেকে উপজেলা পর্যায়ের এই কার্যালয়ে গিয়ে সেতু দাবি করেন। বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত কঠিন, নয়তো অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়—এসব বলে সেতুর দাবি করা হয়। সবাই চায় নদী পারাপার সহজ হোক। কেউ এটা আমলে নেয় না যে পিআইওর সর্বোচ্চ ক্ষমতা মাত্র ১৫ থেকে ৫০ ফুট সেতু করার। যেগুলো কালভার্ট নামেও পরিচিত। পিআইওকে দিয়ে সেতু করা হলে নদী যদি ১০০ ফুটও হয়, সেতুর দৈর্ঘ্য হবে ৫০ ফুট। এমনকি নদী আরও বড় হলেও সেতুর দৈর্ঘ্য সর্বোচ্চ ৫০ ফুটই থাকবে। ফলে পিআইও যে সেতু করবে সেই সেতু নদীর জন্য কতটা ভয়াবহ হতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশের ছোট ছোট নদীর সর্বনাশ করেছে, এ রকম অসংখ্য সেতু।

বিএমডিএর ভূমিকা

বিএমডিএ নদীতে হেঁটে চলার সেতু তৈরি করে। নদী খনন করার সময় কোথাও যদি প্রয়োজন মনে করে, তারা ভারী যানবাহন চলতে পারে না—এমন সেতু নির্মাণ করে। এসব সেতু নির্মাণের সময়ে নদীর প্রকৃত প্রস্থের বিষয়টি বিবেচনায় নেওয়া হলো কি না, এ বিষয়ে কোনো দিন কাউকে জবাবদিহি করতে হয়নি। ফলে এই সংস্থা ও যেসব সেতু তৈরি করে, তা সব সময় নদীর প্রস্থ অনুযায়ী হয় না।

আরও পড়ুন

বিএডিসির ভূমিকা

বিএডিসি নদীতে সেতু নির্মাণ করে। নদী খনন করার সময় তারা সরকারের কাছে সেতু করার যে টাকার প্রস্তাব দেয়, সরকার সেই অনুযায়ী বরাদ্দ দেয় না বলে অভিযোগ আছে। অর্থের বরাদ্দ কম থাকলে তারা নদীর প্রকৃত প্রস্থ অনুযায়ী সেতু নির্মাণ না করে ছোট সেতু তৈরি করে।

বিএডিসিও নদীর প্রস্থের চেয়ে অনেক ছোট সেতু করেছে।

সওজ অধিদপ্তরের ভূমিকা

এই অধিদপ্তর প্রধানত মহাসড়ক নির্মাণ করে। মহাসড়কে যেসব সেতু প্রয়োজন হয় এবং যেগুলো দেড় কিলোমিটার প্রস্থের মধ্যে আছে, সেগুলো তারা নির্মাণ করে। তারাও যে সব সময় নদীর প্রকৃত মাপ অনুযায়ী সেতু নির্মাণ করে, এ কথা বলা যাবে না।

সিটি করপোরেশন বা পৌরসভার ভূমিকা

সিটি করপোরেশন কিংবা পৌরসভা কর্তৃপক্ষ নিজস্ব এলাকায় সেতু করে। এই সেতু যে প্রকৃত প্রস্থের চেয়ে ছোট হয়, তার বড় দৃষ্টান্ত রংপুরের শ্যামাসুন্দরী সেতু। এই অংশে যতগুলো সেতু আছে, সব কটিই নদীর প্রস্থের চেয়ে ছোট। সারা দেশেই এমন চিত্র চোখে পড়বে।

যখনই নদীর প্রস্থের তুলনায় ছোট সেতু নির্মাণ করা হয়, তখনই পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়। পানির প্রবাহ বাধাগ্রস্ত হলে পলি আর অপসারিত হয় না। একেক নদীতে পলি পরিবহনের জন্য একেক রকম পানির গতির প্রয়োজন হয়। কিন্তু যখন কোনো এক স্থানে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়, তখন তার উজানে নদীর তলদেশ ভরাট হতে থাকে। স্থানীয় দখলদারদের জন্য নদী দখল করার পথ তৈরি হয়। তারা সেতুর প্রস্থকে নদীর প্রস্থ ধরে নিয়ে পাড় দখল শুরু করে। কেবল তা-ই নয়, নদী যখন ভরাট হয়, তখন আবার সেতুর মাপ ধরে সরকারি প্রতিষ্ঠান নদী খনন করে। এতে দুই পাড় দখল আরও সহজ হয়।

আরও পড়ুন

স্থানীয় লোকজন সেতুকে দেখেন চলাচলের পথ হিসেবে। সেতু ছোট হওয়ার কারণে নদীর কী সর্বনাশ হলো, এটি তাঁরাও ভাবেন না। আমি কয়েক বছর ধরে রংপুর জেলা নদী রক্ষা কমিটির সদস্য হিসেবে অসংখ্য সভায় থেকে দেখেছি, তাঁরা ছোট সেতু নিয়ে কোনো আলোচনা করেন না। বিভাগীয় নদী রক্ষা কমিটির সভাতেও দেখেছি, এ বিষয়ে কোনো কথাই হয় না।

সরকারের উচিত ছোট সেতুর কারণে নদীর মৃত্যুর তথ্য সংগ্রহ করা। ভবিষ্যতে যারাই নদীতে যেকোনো অবকাঠামো নির্মাণ করুক না কেন, নদীর সর্বনাশ হয়, এমন কোনো অবকাঠামো যেন না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নদীর ক্ষতি করলে শাস্তি ও জবাবদিহি নিশ্চিত হলে ভবিষ্যতে নদীর প্রস্থের চেয়ে ছোট সেতুর বিষয়টি রোধ করা সম্ভব হবে বলে মনে করি।

তুহিন ওয়াদুদ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক

ই–মেইল: [email protected]

আরও পড়ুন
আরও পড়ুন