চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীককে প্রাণনাশের হুমকি

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মুঠোফোনে একটি নম্বর থেকে দুই দফা ফোন করে গুলি ও জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।

সম্প্রতি ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী অভিযান ও বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারসহ বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেন প্রতীক দত্ত। সবশেষ গত মঙ্গলবার চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসের সামনে জামায়াত-শিবিরের নিয়ন্ত্রণাধীন ইসলামী সমাজকল্যাণ পরিষদের দখলে থাকা অর্পিত সম্পত্তি উদ্ধার করেন।

প্রতীক দত্ত প্রথম আলোকে বলেন, আজ সকাল ৮টা ৪৬ মিনিটে একটি ফোন আসে। ফোন রিসিভ করার পর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং গলা কেটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর গুলি করে মারা হবে বলেও হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন

এর দুই মিনিট পর ৮টা ৪৮ মিনিটে ভিন্ন আরেকটি ফোন নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি প্রতীক দত্তকে আবার গালিগালাজ শুরু করেন। তিনি কথা না বলায় ১৯ সেকেন্ড পর অপর প্রান্ত থেকে কলটি কেটে দেওয়া হয়।

আরও পড়ুন

জানতে চাইলে প্রতীক দত্ত প্রথম আলোকে বলেন, ইসলামী সমাজকল্যাণ পরিষদের উচ্ছেদ অভিযান চালানোর কারণে তাঁকে হুমকি দেওয়া হতে পারে। তবে পুলিশ তদন্ত করে আসল কারণ উদ্‌ঘাটন করবে বলে জানান তিনি।

আরও পড়ুন