শুভ সন্ধ্যা। আজ শনিবার। ছুটির আমেজে সবাই। তাতে অবশ্য থেমে নেই সংবাদকর্মীদের কাজ। আর তাই সন্ধ্যায় পাওয়া অবসরে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সুতরাং পড়ুন দেশ, রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলা জগতের আলোচিত ১০টি খবর।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ২০২২-এর জানুয়ারি থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের আয়-ব্যয় নিয়ে জরিপ করেছে। এতে তাদের খাদ্যপণ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সেবা বাবদ খরচের তথ্য উঠে এসেছে। তাতে দেখা গেছে, গত ডিসেম্বর ও জানুয়ারিতে চাল ও আটার দাম কমেছে। তবে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ বাবদ খরচ বেড়েছে। ফলে সামগ্রিকভাবে জীবনযাপনের খরচ বেড়ে গেছে। তবে এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে আছে দেশের অর্ধেকের (৫৩ শতাংশ) বেশি মানুষ। খাদ্যের দাম বাড়ায় তারা তাদের জীবনযাত্রার অন্যান্য খরচ কমিয়ে টিকে থাকার চেষ্টা করছে। বিস্তারিত পড়ুন
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নির্যাতনের শিকার হয়ে ক্যাম্পাস ছাড়া সেই ছাত্রী এক সপ্তাহ পর আজ হলে ফিরেছেন। নির্যাতনের ঘটনায় হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে বাবার সঙ্গে হলে এসেছেন তিনি।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাবা ও মামার সঙ্গে আসেন ওই ছাত্রী। এরপর তাঁদের বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে করে দেশরত্ন শেখ হাসিনা হলে নেওয়া হয়। বিস্তারিত পড়ুন
দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে দুই দিন কাটাচ্ছে নগরবাসী। ঢাকার বায়ু আজ শনিবারও দুর্যোগপূর্ণ। টানা দুই দিন এ অবস্থা নিয়ে বায়ুদূষণে শীর্ষে আছে ঢাকা। ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। বিস্তারিত পড়ুন
সাপ্তাহিক ও শবে মিরাজের ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনের করমজলে পর্যটকদের ভিড় বেড়েছে। গতকাল শুক্রবার থেকেই এই ভিড় বাড়তে শুরু করে।
আগত পর্যটকেরা ট্রলার ও লঞ্চে করে বনের নানা প্রান্তে গিয়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের সৌন্দর্য। আজ শনিবারও পর্যটকদের ভিড় সামলাতে বনরক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আগামীকাল রোববার চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন করমজল পর্যটনকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা। বিস্তারিত পড়ুন
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন এখন ছাত্রলীগের নির্যাতন কেন্দ্রে পরিণত হয়েছে। ছাত্রলীগের কর্মীরা যখন যাকে খুশি ডেকে নিয়ে আটকে নির্যাতন করছেন। নির্মমভাবে মারধর করা, বিবস্ত্র করা, এমনকি অপহরণ করে চাঁদা আদায়—কোনো কিছুই আর বাদ রাখছে না ছাত্রলীগ। যতই দিন যাচ্ছে, ছাত্রলীগ ততই ভয়াবহ রূপ ধারণ করছে। বিস্ময়করভাবে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও তাদের সহগামী হচ্ছেন। এই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতের আঁধারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিবাদী ভাস্কর্য সরিয়ে দিয়েছিল। শিক্ষার্থীরা সেখানে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ’- লেখা ব্যানার ঝুলিয়ে দেন। বিস্তারিত পড়ুন
অর্ধশতাব্দীতে পুরুষের জন্মনিরোধক পিলের জন্য অসংখ্য সম্ভাব্য পদ্ধতির প্রস্তাব করেছেন গবেষক ও বিজ্ঞানীরা। এর কোনোটার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে, কোনোটার প্রস্তাব শুরুতেই বাতিল করে দেওয়া হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের অনেক উন্নতি হলেও এত বছরে পুরুষদের জন্য কোনো জন্মনিরোধক পিল আবিষ্কার করা সম্ভব হয়নি। বিস্তারিত পড়ুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে মার্কিন বিনিয়োগকারী জর্জ সরোসের করা মন্তব্য ঘিরে দেশটিতে বিতর্কের ঝড় উঠেছে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনকে সামনে রেখে দেওয়া বক্তব্যে সরোস আদানি গ্রুপের সংকট নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আদানি-কাণ্ডের কারণে ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর মোদির প্রভাব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আরও বলেন, আদানির বিরুদ্ধে জালিয়াতির যেসব অভিযোগ আছে, তা নিয়ে পার্লামেন্টে এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রশ্নের জবাব মোদিকে দিতে হবে। বিস্তারিত পড়ুন
শুক্রবার দুপুরে প্রথম আলো অনলাইনে অপু বিশ্বাসকে নিয়ে একটি খবর প্রকাশিত হয়। ‘কে কাকে ছোট করছে, সেই বোধবুদ্ধি আমার আছে’—এই শিরোনামে অপুর মন্তব্যে লেখাটি প্রকাশের প্রায় সাত ঘণ্টা পর তাঁর ফেসবুকে সাড়ে চার শ শব্দের লম্বা স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা বুবলী। মুহূর্তে ভাইরাল স্ট্যাটাসটি। যদিও পোস্টটিতে বুবলী কারও নাম উল্লেখ করেননি। কিন্তু অনেকেই ধারণা করছেন, অপুর মন্তব্যের সূত্র ধরেই স্ট্যাটাসটি লিখেছেন বুবলী। বিস্তারিত পড়ুন
সুন্দরবনের টহল ফাঁড়িটির নাম চান্দেশ্বর। শরণখোলা রেঞ্জের এই ফাঁড়ির পাশেই একটা মিঠাপানির পুকুর আছে। পুকুরটায় বনের অনেক পশুপাখিই পানি খেতে আসে। ৩ ফেব্রুয়ারি এসেছিল এক জোড়া বেঙ্গল টাইগার। তবে অন্যদের মতো গলা ভিজিয়েই ফিরে যায়নি, টহল ফাঁড়িতেই আতিথেয়তা নিয়েছিল। তারপর কী হলো? গা ছমছম সেই অভিজ্ঞতাই শোনালেন ফাঁড়িটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ। বিস্তারিত পড়ুন
লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন? এটি যেন এখন কোটি ডলারের প্রশ্ন। কাতার বিশ্বকাপের আগে থেকেই বারবার সামনে আসছিল এ প্রসঙ্গে। সে সময় একাধিক সাক্ষাৎকারে মেসি নিজেই পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনায় ইতি টেনে দেন। মেসির এ সিদ্ধান্ত নিয়ে তাঁর সতীর্থ কিংবা কাছের মানুষেরা তখন বিশেষ কোনো মন্তব্য করেননি। পরিস্থিতি বদলে যায় আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর। বিস্তারিত পড়ুন