রোজিনা ইসলামের বিরুদ্ধে তৎপরতা বন্ধের আহ্বান এসএডব্লিউএমের
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের মামলা অধিকতর তদন্তে আদালতের নির্দেশে হতাশা প্রকাশ করেছে সাউথ এশিয়ান উইমেন ইন দ্য মিডিয়া (এসএডব্লিউএম)। বৃহস্পতিবার এক টুইটে রোজিনা ইসলামের বিরুদ্ধে নতুন তৎপরতা বন্ধ করতে বাংলাদেশের স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
দক্ষিণ এশিয়ার নারী সাংবাদিকদের নেটওয়ার্ক এসএডব্লিউএম বলেছে, রোজিনা ইসলাম একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, যিনি পেশাদারত্বের সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রতিবেদন করেছেন। তাঁর কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর কোনো ধরনের ভয়ভীতি বা হয়রানি ছাড়া তাঁকে তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে দেওয়া উচিত।
রোজিনা ইসলাম ২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে আক্রমণের শিকার হন। তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়। পরে তাঁকে শতবছরের পুরোনো ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে’ গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলা তদন্ত করে গত বছরের জুলাইয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে তাতে বলা হয়, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে কোনো উপাদান পাওয়া যায়নি।
এ মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিব্বির আহমেদ ওসমানী ২৩ জানুয়ারি আদালতে হাজির হয়ে ওই প্রতিবেদনে নারাজি দেন। আদালত তাঁর আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।