গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

নিয়াজ মেহেদী বলেন, গুলশানে ঝটিকা মিছিলের পরদিন থেকে গ্রেপ্তার অভিযান চলছে। এখন পর্যন্ত মিছিলে অংশগ্রহণকারী ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

পুলিশ বলছে, কিছুদিন ধরে শুক্রবার জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছেন। সর্বশেষ ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল করেন। এ সময় তাঁরা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, একপর্যায়ে মিছিলকারীরা গুলশান ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান এবং তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করেন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়।

আরও পড়ুন

গুলশানের ওই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

আরও পড়ুন