মোহাম্মদপুরে বাড়ির ফটকের সামনে ছিনতাইয়ের ঘটনায় চাপাতিসহ আরও একজন গ্রেপ্তার

গ্রেপ্তার আনোয়ার হোসেনছবি: পুলিশের সৌজন্যে

ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজেদের বাসার ফটকের সামনে দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

এডিসি জুয়েল রানা বলেন, আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামালসহ তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় প্রধান সন্দেহভাজন জুয়েল ওরফে সোর্স জুয়েল ওরফে আরিফকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব-২। গোপন তথ্যের ভিত্তিতে আজ নারায়ণগঞ্জ থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম। তিনি বলেন, মোহাম্মদপুরের বহুল আলোচিত এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
জব্দ করা পিকআপ
ছবি: পুলিশের সৌজন্যে

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দুই নারী নিজেদের বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাঁদের ভয় দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যান।

ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, ভুক্তভোগীরা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছানোর পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আরও পড়ুন