আলিনাকে হত্যার পরিকল্পনা আগেই জানত এই কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম
ছবি: সংগৃহীত

শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পরিকল্পনার কথা আসামি আবির আগেই তাঁর পরিচিত এক কিশোরকে জানিয়েছিলেন। আলিনাকে খুন করে তিনি ওই কিশোরকে বলেছিলেন তার সঙ্গে থাকতে। আলিনার পরিবারের কাছ থেকে তিনি যে মুক্তিপণ পাবেন, সেখান থেকে তাকে কিছু টাকাও দেবেন।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে ১৭ বছর বয়সী ওই কিশোর জবানবন্দি দেয়। সেখানেই ওই কিশোর এসব তথ্য জানায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সে একটি রেস্তোরাঁয় কাজ করে।

৩ ডিসেম্বর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবিরও এই কিশোরকে তাঁর পরিকল্পনা জানানোর কথা বলেছিলেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, ওই কিশোরকে গতকাল মঙ্গলবার নগরের বন্দরটিলা থেকে আটক করা হয়। পরে সে আদালতকে দেওয়া জবানবন্দিতে আবিরের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানায়। এর আগে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান আদালত।

আজ বিকেলে হেলমেট পরিয়ে এই কিশোরকে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে আসে পিবিআই। পুলিশের উপস্থিতিতে সে প্রথম আলোকে বলে, আবির সত্যি সত্যিই এ কাজ করবেন, ওই কিশোর সে সময় বুঝতে পারেনি। খুনের দিন সন্ধ্যায় আবির যখন তাকে বলেন যে খুন করেছেন, লোকজন তাকেও সন্দেহ করবে, সেই জন্য কাউকে বলেনি ওই কিশোর।

আরও পড়ুন

পিবিআই সূত্র জানায়, জবানবন্দিতে ওই কিশোর বলে, দেড় মাস আগে নেভি গেট এলাকায় একদিন আবির ও সে আড্ডা দিচ্ছিল। তখনই আবির জানায়, আলিনাকে গুম করে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ নেবেন। সে যেন তার সঙ্গে থাকে। বিষয়টি যাতে কারও সঙ্গে আলাপ না করে। ঘটনার দিন (গত ১৫ নভেম্বর) বেলা দুইটার দিকে আবির ওই কিশোর যে রেস্তোরাঁয় কাজ করে, সেখানে এসে ভাত খান। সন্ধ্যায় আবারও সেখানে এসে চা খান আবির। তখনই জানান, আলিনাকে খুন করেছেন তিনি। এখন আলিনার পরিবারের কাছে মুক্তিপণ চাইবেন। ওই কিশোর যেন তার সঙ্গে থাকে। তাকেও টাকার ভাগ দেওয়া হবে। কিন্তু ভয়ে আবিরের সঙ্গে ছিল না বলে জবানবন্দিতে দাবি করে কিশোর।

মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক মনোজ দে প্রথম আলোকে বলেন, আবির যখন পরিকল্পনা করেছিলেন, তখনই এই কিশোর বিষয়টি জানত। খুনের পরও জানত। কিন্তু বিষয়টি পুলিশ কিংবা কাউকে জানায়নি। ঘটনার পর জানালে অন্তত লাশটি ছয় টুকরা করতে পারত না। আবিরকে সহায়তার জন্য তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে তাকে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে। বর্তমানে তাকে কারা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন

শিশু আলিনার বাবা সোহেল রানা আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সে (কিশোর) যদি বিষয়টি জানাত, তাহলে হয়তো মেয়েকে বাঁচাতে পারতাম। তখন না জানালেও খুনের পর জানালে মেয়ের পুরো শরীরটা পেতাম। ছয় টুকরা হতো না।’

আরও পড়ুন