খাতুনগঞ্জের শ্রমিক সরদার মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার ২
চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের শ্রমিক সরদার মোহাম্মদ মাসুদকে ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ সোহাগ ও সাইদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগর ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, খাতুনগঞ্জে গাড়ি ঢোকা নিয়ে শ্রমিক সরদার মাসুদের সঙ্গে তর্কাতর্কির জেরে তাঁকে ছুরিকাঘাতের করার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার আসামিরা। ঘটনায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১৭ অক্টোবর সন্ধ্যায় কোতোয়ালি থানার খাতুনগঞ্জের চাঁন মিয়া লেইন সামির ট্রেডিং নামের প্রতিষ্ঠানের সামনে মাসুদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মাসুদ।
মাসুদকে হত্যার ঘটনায় তাঁর ছেলে মোহাম্মদ বাবুল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
মাসুদ মারা গেলে খাতুনগঞ্জের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাঁরা কাজ বন্ধ রাখার ঘোষণা দেন। পরে পুলিশ আশ্বস্ত করলে গতকাল থেকে তাঁরা কাজ শুরু করেন।