ঘোড়াঘাট থেকে অপহৃত নুসরাত গোবিন্দগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু নুসরাতকে নিয়ে অজ্ঞাতপরিচয় এই নারী সটকে পড়েন। বিষয়টি ধরা পড়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়। ছবি: সংগৃহীত
শিশু নুসরাতকে নিয়ে অজ্ঞাতপরিচয় এই নারী সটকে পড়েন। বিষয়টি ধরা পড়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার থেকে অপহৃত শিশু নুসরাত জাহানকে পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারে তাকে পাওয়া যায়।

নুসরাতের পরিবার সূত্রে জানা গেছে, বাগদা বাজারে একাকী কান্না করছিল শিশুটি। পরে স্থানীয় লোকজন খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার সময় র‍্যাব-পুলিশের সঙ্গে শিশুটির মা-বাবাও উপস্থিত ছিলেন।

র‍্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে র‍্যাবের একাধিক দল শিশুটিকে উদ্ধারে সচেষ্ট ছিল। শিশুটিকে যাতে দূরে কোথাও নিয়ে যেতে না পেরে, সে লক্ষ্যে র‍্যাব ঘোড়াঘাট থেকে বের হওয়ার সব কটি পথে তল্লাশি শুরু করে। এ ছাড়া অপহরণকারী এবং শিশুটির ছবি চারদিকে ছড়িয়ে দেওয়া হয়।

নুসরাত জাহান
নুসরাত জাহান

গত শনিবার আড়াই বছরের একমাত্র সন্তান নুসরাত জাহানকে নিয়ে ঈদের কেনাকাটায় বের হয়েছিলেন মা নাহিদা আক্তার। একপর্যায়ে নুসরাতের হাত ছেড়ে নাহিদা আক্তার কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে এক নারী নুসরাতকে নিয়ে সটকে পড়েন। ওই রাতে নুসরাতের মা নাহিদা আক্তার ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

এরপর সোমবার নুসরাতের বাবার মুঠোফোনে ভিওআইপি নম্বর থেকে ফোন করে অপহরণকারীদের টাকা দিতে পরামর্শ দেন অজ্ঞাত এক ব্যক্তি। সেই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানানোর হুমকিও দেওয়া হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়।