শুভ সকাল। আজ ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
প্রতি মাসে ৭০ হাজার টাকা যাতায়াত ভাতা পান জাতীয় সংসদের সদস্যরা। তবু সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তরুণ সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)। তাঁকে এক রকম সমর্থন করে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে বলেছেন, ছোটদের আবদারে সব সময় ‘হ্যাঁ’ বলতে হয়।
চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, বুধবার খুলনা বিভাগসহ দেশের ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে বিকেল সোয়া পাঁচটার দিকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। বৃহস্পতিবারও তাপপ্রবাহ থাকতে পারে বলে অধিদপ্তর সূত্র জানাচ্ছে। বুধবার রাজধানীতেও তাপপ্রবাহ বয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ সৃষ্টি হয়েছে, বিশ্বজুড়েই তার অভাবনীয় প্রভাব পড়েছে। জ্বালানি অবকাঠামোয় পাল্টাপাল্টি হামলা হওয়ায় এবং বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি পরিবহনের পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানির দাম শুধু বাড়েইনি, প্রাপ্যতা নিয়েও বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
টানাটানির সংসার। মাসের খরচ শেষে অল্প কয়েকটা টাকা থাকে। সেই টাকা বড়জোর মাটির ব্যাংকে রাখা যায়; ব্যাংকের শাখা পর্যন্ত হেঁটে যাওয়াটা বড্ড বেমানান—এমনটাই ভাবতেন বেসরকারি চাকরিজীবী মিতুল হাসান। একদিন এক বন্ধুর কাছে শুনলেন মুঠোফোনে ঘরে বসে কোনো কাগজপত্র ছাড়াই কয়েক মিনিটে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) খোলা যায়। এতে ব্যাংকের মতো মুনাফাও পাওয়া যায়। তাহলে মন্দ কী! ঝটপট খুলে ফেললেন একটা ডিপিএস।
সিনেমার কাজ থেমে যাওয়ায় রণবীর সিংয়ের থেকে ফেব্রুয়ারি মাসেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি। ফারহান ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়ায় ‘প্রডিউসারস গিল্ড অব ইন্ডিয়া’র বৈঠকে রণবীর সিং যুক্তি দিয়েছিলেন,‘সঞ্জয় লীলা বনসালির “বৈজু বাওরা” ছবির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অন্য কোনো ছবিতে সইও করিনি সে সময়। অনেক প্রস্তাব ফিরিয়েছি। কিন্তু সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। সে ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় করার পরও বানসালির থেকে কোনো ক্ষতিপূরণ আমি দাবি করিনি।’