সিলেট সিটি মেয়রের সাক্ষাৎকার

যাঁরা বলছেন মশকনিধনে আমরা কাজ করছি না, তাঁরা বিশেষ উদ্দেশ্যে বলছেন

সিলেটে কয়েক দিন ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। নগরের ৪২টি ওয়ার্ডেই এডিস মশার লার্ভা পেয়েছে সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখার লার্ভা অনুসন্ধানকারী দল। অভিযোগ উঠেছে, আগামী নভেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী মশকনিধনে আন্তরিক নন। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রমসহ নানা বিষয়ে প্রথম আলো কথা বলেছে মেয়রের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী
ছবি: সংগৃহীত
প্রশ্ন:

সিলেটে সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিরোধে কী ব্যবস্থা নিয়েছেন?

আরিফুল হক চৌধুরী: আমরা বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছি। আমাদের সিটি করপোরেশনে কোনো কীটতত্ত্ববিদ নেই। তাই সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদের সহযোগিতায় ১২ সদস্যের একটা স্বেচ্ছাসেবী দলকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। দলটি নগরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে লার্ভা অনুসন্ধান করছে। এর পাশাপাশি ৪০ কর্মী প্রতিদিন নগরের বিভিন্ন ওয়ার্ডে মশকনিধনে ওষুধ ছিটানোর কাজ করছেন। নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও চলছে।

তবে এটা ঠিক যে একযোগে ৪২টি ওয়ার্ডে মশকনিধন কিংবা পরিচ্ছন্নতা অভিযান না চালানোয় কার্যকর ফল পাওয়া যাচ্ছে না। কারণ, এক ওয়ার্ডে মশকনিধনে ওষুধ ছিটালে কিংবা নালা-নর্দমা-জলাধারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলে ওই সব ওয়ার্ডের মশা উড়ে পাশের অন্য ওয়ার্ডে বা নালা-নর্দমায় গিয়ে বংশবিস্তার ঘটাচ্ছে। তাই একযোগে সব কটি ওয়ার্ডে মশকনিধনে অভিযান পরিচালনা করার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ করতে আগামী সোমবার দুপুরে সিটি করপোরেশন পরিষদের সভা ডাকা হয়েছে।

আরও পড়ুন
প্রশ্ন:

নগরবাসীর অভিযোগ, মশার উপদ্রব নগরে থাকলেও মশকনিধনে সিটি করপোরেশন খুব একটা সক্রিয় নয়...।

আরিফুল হক চৌধুরী: এ অভিযোগ সত্য নয়। সব সময়ই মশকনিধনে সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখা ওষুধ ছিটিয়ে থাকে। এর মধ্যে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পরপরই সিলেট নগরে প্রতিদিনই বিভিন্ন স্থানে মশার ওষুধ ছিটানো হচ্ছে। পাশাপাশি মশার লার্ভা অনুসন্ধানের কাজও চলছে। তবে এসব কাজে লোকবল কম থাকলেও দৈনিক মজুরি ভিত্তিতে অনেক কর্মী নিয়োগ দিয়ে ওষুধ ছিটানোর কাজ করা হচ্ছে। প্রয়োজনে লোকবল আরও বাড়ানো হবে।

আরও পড়ুন
প্রশ্ন:

নগরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা স্তূপাকার পড়ে আছে। এমনকি অনেক নালা-নর্দমাও বর্জ্যে ঠাসা। এসব অপসারণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন?

আরিফুল হক চৌধুরী: ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগে প্রতিদিনই নগরের বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার কর্মীরা কাজ করে আসছেন। প্রতিদিন সব মিলিয়ে ৪৭৬ পরিচ্ছন্নতাকর্মী এ কাজ করছেন, যদিও প্রয়োজনের তুলনায় এ জনবল দ্বিগুণের কম। তবে একটু পরিশ্রম হলেও এসব কর্মী নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সিটি করপোরেশন পরিষদের সভা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন
প্রশ্ন:

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে আপনার মেয়াদ শেষ হচ্ছে। এরই মধ্যে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন এবং শপথও নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ অভিযোগ করেছেন, মেয়াদ শেষ হওয়ার কারণেই মশকনিধনে আপনার তৎপরতা বিগত সময়ের চেয়ে কম। কী বলবেন?

আরিফুল হক চৌধুরী: এটা সঠিক নয়। আমার রাজনৈতিক প্রতিপক্ষ কিছু ব্যক্তি অযথাই আমাকে বিতর্কিত করতে এমন অপপ্রচার চালাচ্ছেন। টানা দুই মেয়াদে নাগরিকসুবিধা নিশ্চিত করতে আমি নিরন্তর কাজ করেছি। নগরের বাসিন্দারাই এর সঠিক বিচার করতে পারবেন। রাত-দিন এ নগরের মানুষের যথাযথ সেবা নিশ্চিতে কাজ করেছি। দায়িত্ব পালনের শেষ সময়টুকু পর্যন্ত একইভাবে আমার কর্মতৎপরতা থাকবে। নগরবাসীর সেবা নিশ্চিত করতে কখনো ফাঁকিবাজির আশ্রয় নিইনি, এটা বুকে হাত দিয়ে গর্বের সঙ্গে বলতে পারব।

ডেঙ্গুর প্রকোপ এবার শুরু হওয়ার পর থেকে সিটি করপোরেশন বিষয়টাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে। আমি নিজেও প্রতিদিন বিভিন্ন স্থানে সংশ্লিষ্টদের নিয়ে অভিযান পরিচালনা করছি। মশা বংশবিস্তার ঘটাতে পারে, এমন সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে ভবনমালিক কিংবা সংশ্লিষ্টদের জরিমানা পর্যন্ত করছি। এ ছাড়া ডেঙ্গু রোগ থেকে রক্ষা পেতে নিজের বাসা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরে ব্যাপকভাবে সচেতনতা কার্যক্রম চালাচ্ছি। লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিং করেও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তাই যে বা যাঁরা বলছেন, মশকনিধনে বা ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা ভূমিকা রাখছি না, এটা আসলে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই বলছেন।