হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকার ‘বাংলাদেশ নবজাতক হাসপাতালে’ চিকিৎসাধীন সাত মাস বয়সী শিশু খাদিজার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষে হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির। এ সময় শিশুটির পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও ফল তুলে দেওয়া হয়।
রোববার বিকেলে প্রধানমন্ত্রী খোঁজখবর নেওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা সায়মা বেগম। আজ প্রথম আলোর প্রথম পাতায় হামের পরিস্থিতি নিয়ে ‘এবার খাদিজাকে নিয়ে মা-বাবার ছোটাছুটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রী শিশুটির খোঁজ নেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদিরের সঙ্গে এ সময় জেলা সিভিল সার্জন মুশিউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জহিরুল ইসলাম ও বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিফ কনসালট্যান্ট মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
আ ন ম মনোয়ারুল কাদির বলেন, প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছে—যমজ শিশুর একজন এক মাস আগে মারা গেছে, আরেক শিশু খাদিজার অবস্থা সংকটাপন্ন। এটা দেখে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে শিশুটির স্বাস্থ্যসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে নির্দেশ দেন। তিনি বলেন, শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তার সুচিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুটির পরিবারকে ফল ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। হাসপাতালের পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে।
গত শুক্রবার রাতে শিশু খাদিজা অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১ থেকে ৭ এপ্রিল বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি ছিল সে। হাসপাতালের নথিতে হাম ও নিউমোনিয়ার কথা লেখা ছিল। ৫ মে খাদিজার যমজ বোন ফাতেমা বাংলাদেশ নবজাতক হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খাদিজার বাবা মোজাম্মেল হক স্থানীয় একটি মসজিদের ইমাম। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।
জেলা সিভিল সার্জন মুশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘শিশু খাদিজার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। আমরা আশা করছি দ্রুত সে সুস্থ হয়ে উঠবে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।’
অসুস্থ মেয়ের চিকিৎসার খোঁজখবর ও সহযোগিতার আশ্বাস পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশু খাদিজার মা সায়মা বেগম। বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিফ কনসালট্যান্ট অধ্যাপক মজিবুর রহমান বলেন, শিশু খাদিজার চিকিৎসার ব্যয় ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের’ পক্ষ থেকে বহন করা হবে।