ছাত্রলীগের মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা

ছাত্রলীগের হামলায় ক্ষতিগ্রস্ত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কাউতলী এলাকায়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে নৌকা প্রার্থীর সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে জেলা শহরের কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো হামলা করিনি। বিকেলে মিছিল নিয়ে কাউতলী এলাকা অতিক্রমের সময় কাঁচি মার্কা প্রতীকের নির্বাচনী কার্যালয় থেকে আমাদের উদ্দেশ করে ঢিল ছোড়া শুরু করে। রাসেল মিয়া নামের কাঁচির এক সমর্থককে চিনতে পেরেছি। তাঁদের ছোড়া ইটপাটকেলের আঘাতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মো. আদি, কাজী হাসান, শহর ছাত্রলীগের কর্মী মো. হিমেল ও তমাল আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা ফিরোজুর রহমান। না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর প্রতীক কাঁচি।

স্থানীয় লোকজন ও কাঁচি মার্কা প্রতীকের কর্মী-সমর্থকরা জানান, বিকেলে জেলা শহরের টেংকেরপাড়ের লোকনাথ দীঘির পাড় থেকে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। শহরের কুমারশীল মোড়, টিএ রোড ও কালীবাড়ি মোড় অতিক্রম করে মিছিলটি কাউতলীর দিকে রায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের কাউতলী এলাকা অতিক্রমের সময় মিছিল থেকে কাঁচি মার্কার নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়।

আরও পড়ুন

কাঁচি প্রতীকের নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয়ের সভাপতি মুস্তাফিজুর রহমান ওরফে রাসেল বলেন, ‘আমরা কয়েকজন কার্যালয়ে ভোটার তালিকা প্রস্তুত করছিলাম। নৌকার প্রার্থীর পক্ষে একটি মিছিল আসে। যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা কার্যালয়ে হামলা চালায় ও ভাঙচুর করে। কোনোমতে দুটি শাটার লাগাতে পেরেছি। তারা আমাকে কার্যালয় থেকে বের করে প্রাণে হত্যা করতে চেয়েছিল।’

ফিরোজুরের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, হামলার নেতৃত্বে ছিলেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। নৌকার সমর্থকেরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, কোনো পক্ষই কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন