চট্টগ্রামে দুই ঘণ্টায় ভোট পড়েছে ১১ শতাংশ
চট্টগ্রাম জেলায় আসন রয়েছে ১৬টি। এসব আসনে আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় গড়ে ভোট পড়েছে ১১ দশমিক ০৬ শতাংশ। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জেলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে। কম পড়েছে নগরের চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। নগর ও নগরসংলগ্ন ৫টি আসনের রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। এর বাইরে চট্টগ্রাম-১১ আসনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।
নগর ও নগরসংলগ্ন পাঁচটি আসনের মধ্যে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ দশমিক ৯ শতাংশ। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-নগর) আসনে ভোট পড়েছে ১১ দশমিক ৩২ শতাংশ। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসনে ১০ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে। চট্টগ্রাম-৯ আসনে পড়েছে ১৯ দশমিক ৬৯ শতাংশ। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নগরের আরেকটি আসন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা)। এই আসনে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৬ দশমিক ২২ শতাংশ। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বিষয়টি জানিয়েছেন।
নগর ও নগরসংলগ্ন এলাকার বাইরে জেলার ১০টি আসনে গড়ে ১৪ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান।
চট্টগ্রামে ১৬টি আসনে এবার মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ প্রার্থী। চট্টগ্রামে মোট ভোটার রয়েছেন ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭। নারী ভোটারের সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন।
চট্টগ্রামে এবার ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা থাকবেন। আর ভোটকক্ষ আছে ১২ হাজার ৬০১টি। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ২৩টি। অর্থাৎ দুই বছর পর হতে যাওয়া এবারের নির্বাচনে ৫৮টি ভোটকেন্দ্র কমেছে।